বিজয় দেবেরকোন্ডাকে বিয়ের আগে নাকি প্রায় ১০০ বার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন রশ্মিকা মন্দানা! সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মরসুমে এই প্রসঙ্গ সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় জোর চর্চা। বিজয়কে ‘রেড ফ্ল্যাগ’ বলে কটাক্ষ করেন নেটাগরিকদের একাংশ। এ বার সেই ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের সম্পর্কের ভিত কোনও জাঁকজমকপূর্ণ প্রেম নিবেদন নয়, বরং একে অপরের সঙ্গে জীবন কাটানোর সচেতন সিদ্ধান্ত।

সোমবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে রশ্মিকা জানান, তাঁদের সাক্ষাৎকারের কয়েকটি অংশ নিয়ে যে ভাবে সমালোচনা চলছে, তা মতামত প্রকাশের চেয়ে বেশি ‘ক্ষুব্ধ জনতার’ আচরণ বলে মনে হচ্ছে। তাঁর কথায়, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দু’জনেরই একে অপরকে বোঝার জন্য সময় প্রয়োজন ছিল। রশ্মিকা জানতেন, তিনি কী চান। অন্য দিকে, জীবনের বাস্তব দিকগুলি ভেবে নিশ্চিত হতে চেয়েছিলেন বিজয়। তাতে তাঁদের ভালবাসা একটুও কমেনি।
অভিনেত্রীর কথায়, তিনি আবেগপ্রবণ, আর বিজয় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। একে অপরের জীবনে এই দুই স্বভাবই তাঁদের শক্তি। বিয়ের ক্ষেত্রে আংটি পরানো বা হাঁটু গেড়ে প্রেম নিবেদনের চেয়ে একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিজয়ের প্রতি নিজের ভালবাসা প্রকাশ করে রশ্মিকা বলেন, তিনি তাঁর প্রেমে ‘মগ্ন’। ভালবাসার মানুষকে বার বার বিয়ে করতে চাওয়ার মধ্যে দোষ কোথায়, সেই প্রশ্নও তুলেছেন অভিনেত্রী।
একই সঙ্গে নিজের পরিবারকে আক্রমণের নিশানা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রশ্মিকার বক্তব্য, তাঁকে নিয়ে যা খুশি বলা হলেও পরিবারকে না চিনে তাঁদের সম্পর্কে কটূক্তি করা আসলে হেনস্থার শামিল। তাঁর মতে, নারীবাদ মানে অন্যকে ছোট করা নয়, বরং নিজের জীবন বেছে নেওয়ার স্বাধীনতা।
বিজয় যে সুখে-দুঃখে তাঁর পাশে থাকেন, সে কথাও জানিয়েছেন রশ্মিকা। অসুস্থতা থেকে উদ্বেগ—প্রতিটি কঠিন সময়ে বিজয়ই তাঁর ভরসা বলে দাবি অভিনেত্রীর। গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ে করেন বিজয় ও রশ্মিকা। সমালোচকদের উদ্দেশে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা উদ্বেগ না করার বার্তাও দিয়েছেন তিনি।