বারাণসীর চেহারা বদলে গিয়েছে। সরু গলি, আবর্জনার স্তূপ, রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশু, বিদ্যুতের অভাব আর যানজট— ২০১৪ সালের আগে শহরের এই ছবিই ছিল বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাচীন কাশী এখন নতুন রূপে সেজে উঠেছে। তবে উন্নয়নের পাশাপাশি শহরের ঐতিহ্য রক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব সাধারণ মানুষেরও, মনে করিয়ে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বারাণসীতে ‘স্বচ্ছতা মিত্র সম্মান’ অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী বলেন, “আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, কাশী বদলে গিয়েছে। প্রধানমন্ত্রী মোদীর দিশা ও নেতৃত্বে চিরন্তন কাশীর রূপান্তর ঘটেছে।” তাঁর দাবি, এক সময়ে শহরের বাসিন্দারা আবর্জনা আর যানজটের মধ্যেই জীবন কাটাতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। বিদ্যুতের জন্যও অপেক্ষা করতে হত তাঁদের। সেই কাশীই এখন সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নতুন রূপে এগিয়ে চলেছে।
উন্নয়নমূলক কাজের পাশাপাশি নির্মিত পরিকাঠামো রক্ষণাবেক্ষণের উপরেও জোর দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকার নির্মাণের কাজ করতে পারে। কিন্তু সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব সচেতন সমাজের। সাধারণ মানুষ দায়িত্বশীল না হলে সবচেয়ে বড় নির্মাণও অল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। তাই শহরকে পরিচ্ছন্ন রাখা এবং উন্নয়নের সুফল ধরে রাখতে জনসচেতনতা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এ দিকে, দু’দিনের বারাণসী সফরে বৃহস্পতিবার নমো ঘাট পরিদর্শন করেন যোগী। আগামী ২২, ২৩ এবং ২৫ অক্টোবর শহরে একটি এয়ার শো হওয়ার কথা। ২৬ অক্টোবর বিকল্প দিন হিসাবে রাখা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা।
এয়ার শো ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখে প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নমো ঘাটের পাশাপাশি গঙ্গার অন্যান্য ঘাটেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছেন তিনি। পুলিশ, জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর আধিকারিকেরা প্রকল্পের মানচিত্র দেখিয়ে প্রস্তুতির বিষয়ে তাঁকে অবহিত করেন। অনুষ্ঠানের আগে সমস্ত ব্যবস্থা দ্রুত সম্পূর্ণ করার নির্দেশও দিয়েছেন যোগী।