রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের দায়িত্বের মেয়াদ আরও ছ’মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে অবসরের আগেই কেন্দ্রের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির বিষয়ে নবান্নকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই চিঠিতে আরও ছ’মাস সিদ্ধিনাথ গুপ্তকে রাজ্য পুলিশের ডিজি পদে রাখার কথা জানানো হয়েছে। ফলে আপাতত আরও কয়েক মাস রাজ্য পুলিশের শীর্ষ পদে তাঁর দায়িত্ব বহাল থাকছে।

ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় রাজ্যের নতুন ডিজিপি হন সিদ্ধনাথ। ভোট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি বদল করেছিল কমিশন। ১৯৯২ ব্যাচের আইপিএস তিনি। সেই সঙ্গে বদল করা হয়েছিল কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও। গত ৩০ এপ্রিল সিদ্ধনাথের অবসরগ্রহণের কথা ছিল কিন্তু ভোট না মেটায় চাকরির মেয়াদ ছ’মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মেয়াদ বাড়িয়ে পরের বছর এপ্রিল পর্যন্ত করা হল। আপাতত ছ’মাস রাজ্যের পুলিশপ্রধান পদে বহাল থাকবেন সিদ্ধনাথ।

সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। তারা জানিয়েছে, জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে।