ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি কপিল দেব এবং DP World PGTI-এর সিইও অমনদীপ জোহল শুক্রবার মুম্বইয়ে ভারতীয় গলফের উন্নতির জন্য বড় ঘোষণা করলেন। এসার গ্রুপের সঙ্গে আগামী পাঁচ বছরের জন্য একটি চুক্তি করেছে PGTI। এই চুক্তির মাধ্যমে ২০৩১ সাল পর্যন্ত আয়োজন করা হবে ‘শ্রী শশী রুইয়া মেমোরিয়াল গলফ চ্যাম্পিয়নশিপ’। এই উদ্যোগের মূল লক্ষ্য হল, ভারতে গলফকে আরও জনপ্রিয় করে তোলা এবং এই খেলাকে পেশা হিসেবে বেছে নিয়ে খেলোয়াড়দের ভালো আয়ের সুযোগ করে দেওয়া।

কপিল দেবের মতে, দেশের খেলাধুলার উন্নতির জন্য বড় বড় সংস্থার আর্থিক সাহায্য খুবই জরুরি। তিনি কর্পোরেট সংস্থাগুলিকে খেলাধুলার উন্নতিতে এগিয়ে আসার আহ্বান জানান। কপিল দেব বলেন, “আমি সব সময় বিশ্বাস করি, আমাদের দেশে কর্পোরেট সংস্থাগুলিই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবে। ভারতে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীদের সংখ্যা বাড়ার পিছনে উন্নত পরিকাঠামোর বড় ভূমিকা রয়েছে। গলফের ক্ষেত্রেও খেলোয়াড়দের জন্য একই রকম সুযোগ-সুবিধা তৈরি করতে হবে। আর তার জন্য বড় সংস্থাগুলির সাহায্য দরকার।”
এই প্রতিযোগিতায় পুরস্কারের জন্য বড় অঙ্কের টাকা রাখা হয়েছে। মূল প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ ২ কোটি টাকা। আর প্রো-অ্যাম প্রতিযোগিতার জন্য রাখা হয়েছে ৫০ লক্ষ টাকা। PGTI-এর সিইও অমনদীপ জোহল জানান, দেশের বেশিরভাগ গলফ প্রতিযোগিতায় সাধারণত প্রায় ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই প্রতিযোগিতায় পুরস্কারের অর্থ ২ কোটি টাকা। ভবিষ্যতে PGTI-এর অন্যান্য প্রতিযোগিতাতেও ২ কোটি টাকা বা তার বেশি পুরস্কার দেওয়ার লক্ষ্য রয়েছে। এই উদ্যোগের ফলে ভারতীয় গলফারদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ বাড়বে। বিশেষ করে DP World Tour এবং PGA Tour-এর মতো বড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার পথ আরও সহজ হবে।
জোহল জানান, PGTI-এর সব প্রতিযোগিতায় বিশ্ব গলফ র্যাঙ্কিংয়ের পয়েন্ট পাওয়া যায়। পাশাপাশি, আহমেদাবাদ ও দিল্লিতে আয়োজিত চ্যালেঞ্জ ট্যুরের প্রতিযোগিতা এবং ইন্ডিয়ান ওপেনের মাধ্যমে সেরা ভারতীয় খেলোয়াড়েরা DP World Tour-এ সরাসরি খেলার সুযোগ পাচ্ছেন। দুই ক্রীড়া ব্যক্তিত্বের মতে, গলফে পুরস্কারের টাকা বাড়লে তরুণ খেলোয়াড়েরা এই খেলাকে পেশা হিসেবে বেছে নিতে আরও উৎসাহ পাবেন। জোহল জানান, গত বছর ভারতের সেরা গলফার পুরস্কারের টাকা থেকেই ২ কোটি টাকার বেশি আয় করেছেন। ক্রিকেটের বাইরে ভারতে বেশি আয়ের সুযোগ রয়েছে, এমন খেলাগুলির মধ্যে গলফও অন্যতম।
গলফ খেলা খুব ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে এই ধারণা নিয়েও কথা বলেন কপিল দেব ও জোহল। কপিল দেব বলেন, একটি ক্রিকেট ব্যাট কিনতে অনেক টাকা লাগতে পারে এবং সেটি বারবার ভেঙেও যেতে পারে। কিন্তু গলফ খেলার সরঞ্জামের একটি সেট বহু বছর, এমনকী কয়েক দশক পর্যন্ত ব্যবহার করা যায়। অন্যদিকে, জোহল জানান, দিল্লি গলফ ক্লাবের মতো কিছু জায়গায় ৫০০ টাকারও কম খরচে সাধারণ মানুষ গলফ খেলার সুযোগ পেতে পারেন। এর জন্য দামি ক্লাবের সদস্য হওয়াও জরুরি নয়।
মুম্বইয়ে এই প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব ব্যাখ্যা করে জোহল বলেন, দেশের আর্থিক রাজধানীতে বড় মাপের গলফ প্রতিযোগিতা আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে প্রতিযোগিতার জন্য বেশি পুরস্কারের টাকা জোগাড় করা, বিশ্ব র্যাঙ্কিংয়ের পয়েন্ট ধরে রাখা এবং দেশের সেরা খেলোয়াড়দের ভারতে খেলার সুযোগ করে দেওয়া সহজ হবে। এই উদ্যোগের মাধ্যমে ভারতে গলফকে আরও জনপ্রিয় করা, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় খেলোয়াড়দের এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য।