বিশ্বজিত পল, নিজস্ব সংবাদদাতা: নিউটাউন সিটি সেন্টার সংলগ্ন বাগুইআটির আটঘরা পূর্বপাড়া এলাকার একটি বস্তিতে শুক্রবার আচমকাই আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঝুপড়িগুলিতে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুনের তীব্রতা সামাল দিতে দীর্ঘক্ষণ ধরে চলে দমকলকর্মীদের তৎপরতা। শেষ পর্যন্ত তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

দমকলের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বাগুইআটি থানার পুলিশকর্মীরা। কীভাবে আগুন ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

নবমীর ভোরে বিধ্বংসী আগুনে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় কলকাতার বাঘাযতীন বাজারের একাংশ। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বাজারে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৪৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের মরশুমে ভালো ব্যবসার আশায় দোকানে বিপুল পরিমাণ সামগ্রী মজুত করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু আগুনের গ্রাসে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় তাঁদের সমস্ত প্রস্তুতি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।