রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা: চার মাস আগে পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আর তারই মধ্যে ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ ছড়িয়েছে ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়ার নিউ মণ্ডলপাড়ায়। স্থানীয় সূত্রে দাবি, ইতিমধ্যেই শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার সকালে ডেঙ্গুপ্রবণ এলাকায় মশারি বিতরণ করতে পৌঁছন বিজেপি নেতা গোবিন্দ হাজরা।

এদিন গোবিন্দ হাজরা অভিযোগ করেন, এখনও পঞ্চায়েতগুলিতে তৃণমূল কংগ্রেসের শাসন থাকলেও এলাকায় প্রয়োজনীয় কাজ হয়নি। তাঁর দাবি, সময়মতো উপযুক্ত পদক্ষেপ করা হলে পরিস্থিতি আরও ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হতো। চার মাস আগে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও কেন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

গোবিন্দ হাজরা আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় তাঁরা জেলা স্বাস্থ্য আধিকারিক এবং হাওড়ার জেলাশাসকের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি, যাঁরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের চিকিৎসার জন্য যাতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়, সেই আবেদনও জানাবেন বলে জানান তিনি। অন্যদিকে, এলাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ, মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্তদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।