ভেজাল ও বেআইনি ওষুধ বিক্রির অভিযোগ তুলে দোকানে শাটার লাগালেন বিজেপি কর্মীরা, আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ভেজাল ও বেআইনি ওষুধ বিক্রির অভিযোগে উত্তপ্ত দুর্গাপুরের বেনাচিতি বাজার। অভিযোগের সত্যতা যাচাই কিংবা প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষা না করেই ওষুধের দোকানে বিক্ষোভ দেখিয়ে কর্মচারীদের বাইরে বের করে শাটার নামিয়ে তালা লাগানোর অভিযোগ উঠল বিজেপি মহিলা সমর্থকদের বিরুদ্ধে।ওষুধের দোকানের মালিক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়কে ঘিরে এই ঘটনায় শুরু হয়েছে চর্চা।

প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই দোকান থেকে জাল ও ভেজাল ওষুধ বিক্রি করা হচ্ছিল। বিষয়টি দোকানের মালিককে একাধিকবার জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের। বিজেপি কর্মী সঞ্জয় গুহ অভিযোগ করেন,”আমরা অনেকদিন ধরে ওষুধের দোকানের মালিককে দোকান বন্ধ করার দাবি জানিয়েছি। কিন্তু কোন কথা শোনেননি। এই দোকানে ভেজাল ওষুধ বিক্রি হয়। তবে আমরা লিখিতভাবে কোথাও জানায়নি। কিন্তু আজ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখায়। তারপরেই দোকানের শাটার নামিয়ে দেওয়া হয়।”
পাল্টা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন,”আমার দোকানে বিধায়কের লোকজন গিয়ে হামলা চালায়। দোকানের কর্মীদেরকে বের করে দেওয়া হয় এবং শাটার লাগিয়ে দেওয়া হয়। এখন যদি কেউ জাল ওষুধ ঢুকিয়ে দেয় এর দায় কার। পরে ওষুধের ডিস্ট্রিবিউটরা একজোট হয় এবং পুলিশের হস্তক্ষেপে দোকানের শাটার খোলা হয়।