সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: ভুটান থেকে হড়পা বানের সতর্কতা! ৬-৮ ঘণ্টার মধ্যে বাংলার আলিপুরদুয়ারে বাড়তে পারে নদীর জলস্তর, সতর্কবার্তা কেন্দ্রীয় জল কমিশনের

ভুটানে হড়পা বানের (GLOF) আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও অসমের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় জল কমিশন (Central Water Commission)। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ তারিখে এই বিশেষ অ্যাডভাইজরি জারি করা হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভুটানের পুনাৎসাংছু (Punatsangchhu) নদীর শিনতাপু (Shintaphu) হ্রদে হিমবাহজনিত হড়পা বানের (GLOF) ঘটনা রিপোর্ট করেছে ভারতীয় দূতাবাস। এর জেরে পুনাৎসাংছু নদীর উজানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের অংশে এই নদী সংকোশ নামে পরিচিত।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং অসমের ধুবড়ি জেলায় নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের পূর্বাভাস, আগামী ৬-৮ ঘণ্টার মধ্যে বন্যার জল ভারতের সীমান্তে পৌঁছতে পারে। পরবর্তী সময়ে সেই জল পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এবং অসমের ধুবড়ি জেলায় প্রভাব ফেলতে পারে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংকোশ নদী সংলগ্ন দুই রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীর জলস্তরের গতিবিধির উপর কড়া নজরদারি এবং প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় জল কমিশন। অর্থাৎ, ভুটানে হড়পা বানের জেরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় আকস্মিকভাবে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।