ঋক পুরকায়স্থ, সাংবাদিক: এসআইআর আতঙ্কে মঙ্গলবার পানিহাটিতে আত্মহত্যা করেছিলেন পেশায় মুদি দোকানী প্রদীপ কর। তাঁর সুইসাইড নোটে তিনি লিখেছেন, এনআরসি ও এসআইআরের ভয়ে আত্মহত্যা করেছেন তিনি। সেই পানিহাটিতে বুধবার পৌঁছে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “এনআরসি এসআইআরের ভয়ে প্রদীপ কর নিজের প্রাণ দিয়েছেন। আমি কালকেই খোঁজ নিয়েছিলাম। আমাদের এখানকার দলীয় কর্মীরা খোঁজ নিয়েছেন। গতকাল আমি ওঁনার পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। আজ আমি কথা বলে যেটুকু বুঝলাম। উনি যেভাবে দান ধ্যান করতেন, উনি নিপাট একজন ভদ্রলোক। কেন্দ্র সরকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। প্রায় ৪০ বছরের বেশি সময় প্রদীপ বাবুর পরিবার এখানে বসবাস করছে।”
পানিহাটির মানুষজনের কাছে অনুরোধ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, ”আপনারা আতঙ্কিত হবেন না। আমরা বেঁছে আছি। যারা বাংলায় এত বছর আছেন তারা বাংলাদেশী নন। আমরা বুকের রক্ত দিয়ে তাঁদের রক্ষা করব। সকলে নিশ্চিত থাকুন আমরা আছি।”

এদিন আবারও দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়ে তিনি বলেন, “যদি বাংলার একজনের নাম বাদ যায় দিল্লিতে এক লক্ষ লোককে নিয়ে গিয়ে প্রতিবাদ করবো। আমি যখন প্রদীপবাবুর বাড়িতে ছিলাম, একটি খবর এল, দিনহাটাতে একজন ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। উনি হাসপাতালে ভর্তি।”
বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করে অভিষেক বলেন, “যারা নিজেদের সনাতনী বলে দাবি করেন তারা একবারও এসে খোঁজ নিয়েছেন। এরা ভাষণ দেয়। এরা ঠিক করবে কারা বাংলাদেশী? সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। স্থানীয় বিজেপি নেতারা এলাকায় ঢুকলে বেঁধে রাখবেন, বলবেন বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয় আগে।”
পানিহাটিতে গিয়ে আবারও জ্ঞানেশ কুমারকে আক্রমণ করে অভিষেক বলেন, “এদের মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার। ইডি-সিবিআইকে কাজে লাগাতে চায় বিজেপি। গায়ে হাত দিয়ে দেখাক। জ্ঞানেশ কুমারের মেয়ে ও জামাইকে ডিএম করে বিজেপি শাসিত রাজ্যে পাঠিয়ে দিয়েছে। এটা কাকতালীয় ? আপনার যত ক্ষমতা আছে ব্যবহার করুন। আমরা ময়দানে আছি।”
নভেম্বর মাসের চার তারিখ থেকে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বৃহস্পতিবার থেকে পানিহাটিতে তৃণমূল কংগ্রেস মিছিল করবে, সেই বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তিনি আবারও পানিহাটিতে যাবেন সেই বার্তাও দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। দিনহাটায় যে ঘটনা ঘটল, তার জন্য বিজেপিকে দায়ী করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।