মাম্পি রায়, সাংবাদিক : দেশজুড়ে ফের লকডাউন হতে চলেছে—এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কেন্দ্র। শুক্রবার স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। মন্ত্রী জানাচ্ছেন, দেশে লকডাউনের কোনও প্রস্তাবই বিবেচনা করছে না সরকার। অযথা গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরি না করার আবেদনও জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে মন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এখনও অস্থির। জ্বালানি, সরবরাহ ব্যবস্থা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগানের বিষয়ে কেন্দ্রীয় সরকার প্রতি মুহূর্তে নজর রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে দেশের নাগরিকদের জন্য জ্বালানি ও প্রয়োজনীয় পরিষেবা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
পুরী লেখেন, “ভারত অতীতে বারবার বৈশ্বিক অনিশ্চয়তার মুখে দৃঢ় থেকেছে। আগামীদিনেও সময়োপযোগী, সমন্বিত ও সক্রিয় পদক্ষেপ করা হবে।” একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “দেশে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এমন কোনও প্রস্তাব সরকারের কাছে নেই।”
প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং তার জেরে বিশ্ববাজারে তেল-গ্যাসের ঘাটতি তৈরি হওয়ায় দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এলপিজি সরবরাহ নিয়ে ‘উদ্বেগজনক’ পরিস্থিতির কথা উঠে আসায় সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বাড়তে শুরু করেছে। তারই প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে লকডাউনের জল্পনা ছড়িয়ে পড়ে।
এর আগেও কেন্দ্রীয় সরকার এই জল্পনা নস্যাৎ করে জানিয়েছিল, জনজীবন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনওরকম বিধিনিষেধ জারির পরিকল্পনা নেই। সরকারি সূত্রে স্পষ্ট করা হয়, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সংসদে ‘ প্রস্তুতি’ প্রসঙ্গে তাঁর মন্তব্য ছিল প্রশাসনিক প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা নিয়ে, কোনওভাবেই তা লকডাউনের ইঙ্গিত নয়।
উল্লেখ্য, ২০২০ সালের কোভিড লকডাউনের ছয় বছর পূর্তির সময়েই এই গুজব নতুন করে ছড়াতে শুরু করেছে। যা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। তবে কেন্দ্রের বার্তা স্পষ্ট—বর্তমানে আতঙ্কের কোনও কারণ নেই। বরং দায়িত্বশীল আচরণ বজায় রেখে ভুয়ো খবর থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে কেন্দ্রের তরফে।
সবমিলিয়ে, কেন্দ্রীয় সরকারের এই স্পষ্ট বার্তায় লকডাউন জল্পনায় আপাতত ইতি পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।