মাম্পি রায়, সাংবাদিক : “মেলোডি ইতনা চকলেটি কিউ হ্যায়”, একদিন পার্লে কোম্পানির এই চকোলেটটি দেখলেই এই কথাটি মুখে আসত মানুষের মুখে মুখে। কিন্তু এবার বোধহয় গাঁটের কড়ি খরচ করে আর বিজ্ঞাপন করতে হবে না এই কোম্পানিকে। কারণ স্বয়ং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে পৌঁছে গেল এক প্যাকেট মেলোডি। রোম সফরে গিয়ে তাঁকে উপহারটি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এক প্যাকেট চকোলেটকে নিয়েই চর্চা তুঙ্গে। শুধুমাত্র সমাজমাধ্যম নয়, এর রেশ গিয়ে পড়েছে দালাল স্ট্রিটেও। মোদী-মেলোনির সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আচমকা চাঙ্গা হয়ে উঠেছে পারলে ইন্ডাস্ট্রিজের শেয়ার। মঙ্গলবার সংস্থার শেয়ারদর প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। একই সঙ্গে অনলাইনে ‘মেলোডি’ চকোলেট কিনতেও পড়ে যায় হুড়োহুড়ি। অনলাইনেও শেষ হয়েছে মেলোডির স্টক।

ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। কোটি কোটি মানুষ তা দেখে ফেলেছেন। সেখানে দেখা যাচ্ছে, মেলোনির হাতে চকোলেটের প্যাকেট তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। ইতালির প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি।” এরপরই দু’জনকে একসঙ্গে হাসতে দেখা যায়। নেটিজেনদের একাংশের মন্তব্য, “সম্পর্কটাও বেশ চকোলেটি!”
তবে এই উন্মাদনার মাঝেই সামনে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য। ‘মেলোডি’ চকোলেটের সঙ্গে পারলে ইন্ডাস্ট্রিজের কোনও সম্পর্ক নেই। ‘মেলোডি’র প্রস্তুতকারক সংস্থা পারলে প্রোডাক্টস। পারলে ইন্ডাস্ট্রিজ এবং পারলে প্রোডাক্টস দু’টি পৃথক সংস্থা। যদিও উভয়ই একই পারিবারিক ব্যবসা থেকে উদ্ভূত। দু’টি সংস্থা সম্পূর্ণ ভিন্ন খাতে তাদের কার্যক্রম পরিচালনা করে। পারলে প্রোডাক্টস শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। ‘মেলোডি’ ছাড়াও এই সংস্থার তৈরি অন্যান্য জনপ্রিয় বিস্কুট বা চকোলেটগুলি হল পারলে-জি, মোনাকো, ক্র্যাকজ্যাক, ম্যাঙ্গো বাইট, পপিন্স ইত্যাদি। তবে মঙ্গলবার সকালে পারলে ইন্ডাস্ট্রিজের ইনট্রাট্রেড শেয়ার মূল্য ৫.২৫ টাকায় পৌঁছে যায়।
‘মেলোডি’ নামটি অবশ্য নতুন নয়। বহু দিন ধরেই সমাজমাধ্যমে মোদী-মেলোনির সম্পর্ক নিয়ে নানা রসিকতা ঘুরে বেড়াচ্ছে। দু’জনের নাম মিলিয়ে তৈরি হয়েছে ‘মেলোডি’ শব্দবন্ধ। আন্তর্জাতিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কূটনৈতিক সফরে একাধিক বার একই ফ্রেমে ধরা দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। কখনও জি৭ সম্মেলনে, কখনও আবার সেলফিতে। এবার রোম সফরেও বিশ্বখ্যাত Colosseum-এর সামনে একসঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁদের।
রোমে মোদীকে স্বাগত জানিয়ে মেলোনি সমাজমাধ্যমে লিখেছেন, “রোমে স্বাগত, আমার বন্ধু!” সেই পোস্টও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি মোদী-মেলোনির এই ব্যক্তিগত রসায়ন এখন নেটমাধ্যমে আলাদা আকর্ষণের বিষয় হয়ে উঠেছে। আর সেই আবহেই একটি সাধারণ চকোলেট হঠাৎই পৌঁছে গেল শেয়ারবাজারের আলোচনার কেন্দ্রে।