সত্যজিৎ চক্রবর্তী, নিজস্ব সংবাদদাতা: এসআইআর খসড়া তালিকায় নাম নেই। এসআইআর প্রক্রিয়ায় শুনানিতে ডাকা হল বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রকে। এমনকি, শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয় তৃণমূল সাংসদের মা ও বোনকে। এই নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার।

এসআইআর প্রক্রিয়া আদৌ ঠিকভাবে হচ্ছে কি না, সেই প্রশ্ন তুললেন তিনি। জানা গিয়েছে, সাংসদদের পরিবারের ওই সদস্যরা বিডিও অফিসে যেতে পারেন। শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্র, মা ও বোনকে। কাকলি ২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ। একজন সাংসদের পরিবারের সদস্যদের যদি ডেকে পাঠানো হয়, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা ? সেই প্রশ্ন তোলেন বারাসতের সাংসদ।
কাকলি ঘোষ দস্তিদার বলেন, “খসড়া তালিকা দেখতে গিয়ে দেখলাম, আমার দুই ছেলের নাম নেই। তাদের শুনানিতে ডেকে পাঠিয়েছে। তাদের বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার একজন প্রাক্তন মন্ত্রী। আমি চারবারের সাংসদ। দুই পুত্র সরকারি চাকুরে। তাঁরা শুনানিতে যাবে। কিন্তু কীভাবে এসআইআর হচ্ছে, তা সহজেই অনুমেয়। প্রত্যন্ত এলাকার মানুষ, যাদের এত যোগাযোগ নেই, হিয়ারিংয়ে কী চাইছে জানে না, তাদের তো হেনস্থা করা হচ্ছে। জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা। আমার মা ও বোন অন্য বুথের ভোটার। তাদেরও নাম নেই।” একজন সাংসদের পরিবারের সদস্যদের নাম খসড়া তালিকা থেকে কীভাবে বাদ পড়ল, তা নিয়ে এখনও কমিশনের তরফে কিছু বলা হয়নি।