অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন নিয়ে জল্পনার অবসান। আপাতত ছ’বছর পর্যন্ত সেনাবাহিনীতে থাকার সুযোগ পাবেন শুধু ইতিমধ্যে কর্মরত ন’টি ব্যাচের অগ্নিবীরেরা। ডিসেম্বর ২০২৬-এর পরে যাঁরা নতুন করে অগ্নিবীর হিসেবে যোগ দেবেন, তাঁদের ক্ষেত্রে বহাল থাকছে পুরনো চার বছরের মেয়াদের নিয়ম। মঙ্গলবার ঘোষণা করা পরিবর্তন নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

প্রথমে জানানো হয়েছিল, বর্তমান অগ্নিবীরদের চার বছরের মেয়াদের সঙ্গে আরও দু’বছরের ‘অতিরিক্ত নিয়োগকাল’ যুক্ত হবে। সেই ঘোষণার পর প্রশ্ন উঠেছিল, তবে কি অগ্নিপথ প্রকল্পের চার বছরের কাঠামোই বদলে ছ’বছরের করা হচ্ছে? সরকারি ব্যাখ্যায় জানানো হয়েছে, আপাতত তেমন কিছু নয়। নতুন ব্যবস্থা শুধু বর্তমানে কর্মরত ন’টি ব্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি ব্যাচের ২৫ শতাংশ অগ্নিবীর চার বছর পূর্ণ হওয়ার পর সরাসরি নিয়মিত বাহিনীতে যোগ দেন। সেই নিয়ম অপরিবর্তিত থাকছে। তবে বাকি ৭৫ শতাংশকে আরও দু’বছরের জন্য দ্বিতীয় দফায় নিয়োগের সুযোগ দেওয়া হবে। এই সময় শেষে তাঁদেরও নিয়মিত বাহিনীতে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে তার জন্য শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবিধি মেনে চলা এবং বাহিনীতে থাকার ইচ্ছা—এই শর্তগুলি পূরণ করতে হবে। দ্বিতীয় দফায় নিয়োগের ক্ষেত্রে সংখ্যার কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমাও রাখা হয়নি।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পদমর্যাদা। দু’বছর পরে নিয়মিত বাহিনীতে যোগ দেওয়া অগ্নিবীরেরা তাঁদেরই ব্যাচের চার বছর শেষে নিয়মিত হওয়া সহকর্মীদের পরেই পদমর্যাদা পাবেন। পরবর্তী ব্যাচের জওয়ানদের নীচে তাঁদের নামিয়ে দেওয়া হবে না।
অর্থাৎ, এটি অগ্নিপথ প্রকল্পের পূর্ণাঙ্গ ‘রোলব্যাক’ নয়। বরং বর্তমানে কর্মরত অগ্নিবীরদের জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থা। ডিসেম্বর ২০২৬-এর পরের নিয়োগে চার বছরের কাঠামোই বহাল থাকছে। ভবিষ্যতে বাহিনীর প্রয়োজন অনুযায়ী নিয়ম পর্যালোচনা করা হবে।