কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের সূচনা করে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। একই সঙ্গে আলুচাষিদের জন্যও সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বার থেকে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। বরং পরিবহণের খরচ সামলাতে কুইন্টাল পিছু ৫০ টাকা ভর্তুকি দেবে রাজ্য।

এ দিন শুভেন্দু জানান, বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কৃষকদের ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। আংশিক ক্ষতির ক্ষেত্রে মিলবে ৯০ হাজার টাকা এবং সামান্য ক্ষতির জন্য ৪০ হাজার টাকা। বন্যায় বিপর্যস্ত ভুতনির চরের ১০ হাজার ৭৫০ জন কৃষককে বীজ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যেই বহু কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন।
কৃষকবন্ধু প্রকল্প নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ৪০ শতকের বেশি জমি থাকলে কৃষকেরা বছরে ৬ হাজার টাকা করে পাবেন। দু’টি কিস্তিতে ওই অর্থ দেওয়া হবে। পাশাপাশি চার লক্ষ কৃষককে বিদ্যুতের প্রতি ইউনিটে দু’টাকা করে ভর্তুকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
আলুচাষিদের দুর্দশা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় কৃষকেরা ন্যায্য দাম পেতেন না। আলু নষ্ট হত। এ বার সেই পরিস্থিতি বদলাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গাড়ি বা ট্রেনে আলু পাঠালে কুইন্টাল পিছু ৫০ টাকা ভর্তুকি মিলবে। আলুকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার পাশাপাশি বিমার প্রিমিয়ামের কৃষক-অংশও রাজ্য সরকার মেটাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।