বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে আগে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে মন্তব্যের জেরে আইনি বিপাকে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বিরুদ্ধে আগ্রার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, শ্রীকৃষ্ণ সম্পর্কে তাঁর মন্তব্যে শুধু ভক্তদের ধর্মীয় ভাবাবেগেই আঘাত লাগেনি, অপমান করা হয়েছে ভগবানের উত্তরসূরিদেরও। আদালত মামলাটি গ্রহণ করেছে। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে মধ্যপ্রদেশের শিবপুরে। সেখানে রামকথার আসরে ভগবান রামের মাহাত্ম্য বোঝাতে গিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা টানেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বক্তব্যে রামের সরলতা ও দৃঢ়তার প্রশংসা করতে গিয়ে কৃষ্ণের বাঁশি বাজানোর ভঙ্গি নিয়ে কটাক্ষ করা হয়। এমনকী, বাঁশির গুরুত্ব নিয়েও প্রশ্ন তুলে তিনি রামের ধনুককেই বেশি তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন।তিনি বলেন, ‘‘তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো। তিনি চলেন সোজা, কাজ করেন সোজা, তাঁর নামটাও অতি সহজ। নিজের দৃঢ়তা বজায় রাখেন সবক্ষেত্রে। আর কৃষ্ণের মূর্তি দেখো। ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কোনও ব্যাপার নয়। আর বাঁশি কোনও কাজে লাগে না, রামের ধনুকই আসল।”
শ্রীকৃষ্ণের বংশীধারী রূপ নিয়ে এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভ ছড়ায় কৃষ্ণভক্তদের মধ্যে। তাঁদের অভিযোগ, এমন তুলনা করে শ্রীকৃষ্ণকে অসম্মান করেছেন ধীরেন্দ্র শাস্ত্রী। বিতর্ক বাড়তে থাকায় পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চান তিনি। তবে ক্ষমা চাইলেও ভক্তদের ক্ষোভ যে প্রশমিত হয়নি, তা স্পষ্ট হয়ে যায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের ঘটনায়।
আগ্রার নিম্ন আদালতে ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। তাঁর অভিযোগ, বাগেশ্বর বাবার মন্তব্যে দেশের অসংখ্য কৃষ্ণভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের বংশধরেরা এখনও ভারতে বসবাস করেন। তাঁদেরও ওই মন্তব্যের মাধ্যমে অপমান করা হয়েছে বলে দাবি মামলাকারীর। সিভিল কোর্টের বিচারক কাঞ্চন কুমার মামলাটি গ্রহণ করেছেন। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা। আইন অনুযায়ী, অপরাধমূলক মানহানির অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডও হতে পারে ধীরেন্দ্র শাস্ত্রীর।