বাইচুং দুই প্রধানের জার্সি পড়ে – ইস্টবেঙ্গলের হয়ে ১৩ ও মোহনবাগানের হয়ে ৬ ধরে ডার্বির ইতিহাসে সর্বোচ্চ ১৯ গোল করেছেন ঠিকই । তবে একটি ক্লাবের জার্সি গায়ে সর্বাধিক ডার্বি গোলের রেকর্ড একজন ব্রাজিলিয়ানের অধিকারে । তার নাম জোস রামিরেজ ব্যারেটো ।

শুধু সবুজ মেরুন জার্সি পড়ে ১৭ গোল করেছেন তিনি। ভারতীয় ক্লাব ফুটবলে তার মোট গোল পৌনে তিনশর যৎসামান্য বেশি । প্রবাদ প্রতিম চুনী গোস্বামীর পর তিনিই দ্বিতীয় ব্যক্তি , শুধু সবুজ – মেরুন জার্সি পরে যার নামের পাশে লেখা রয়েছে গোলের ডাবল সেঞ্চুরি । ভবানীপুরের হয়ে খেলতে নেমেও তার গোল ক্ষুধায় বিন্দু মাত্র খামতি দেখিনি । মাঠের বাইরে তিনি যতটা বিনয়ী ও নম্র , মাঠের মধ্যে তার চেয়েও অবিশ্বাস্য সব গোল করে গেছেন একের পর এক । আদ্যপান্ত এই ব্রাজিলিয়ান ভদ্রলোক মোহনবাগানের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ২০১২ র ৬ মে। সিনেমার মহানায়ক উত্তমকুমারের মতো ভারতের মাটিতে খেলা অন্যতম সেরা এই বিদেশী খেলোয়াড়ের জন্মও তিন সেপ্টেম্বর , মানে আজকের দিনেই ।