এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন স্মৃতি মন্ধানা। হংকংয়ের বিরুদ্ধে মহিলা এশিয়া কাপের ম্যাচে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলে মিতালি রাজকে টপকে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করলেন ভারতের সহ-অধিনায়ক। মিতালির কাছ থেকেই এল শুভেচ্ছা। সমাজমাধ্যমে প্রাক্তন ভারতীয় অধিনায়কের বার্তা, ‘‘যোগ্য উত্তরসূরি।’’

বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে ৬৪ বলে ১২৪ রান করেন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং সাতটি ছক্কা। এই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান দাঁড়িয়েছে ১০,৮৮০। এত দিন এই রেকর্ড ছিল মিতালির দখলে। তাঁর সংগ্রহ ১০,৮৬৮ রান।
রেকর্ড হাতছাড়া হওয়ার পরেও স্মৃতিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মিতালি। এক্স-এ তিনি লেখেন, ‘‘যোগ্য প্রাপ্য, স্মৃতি! একজন তরুণ ক্রিকেটার থেকে ভারতের অন্যতম সেরা ব্যাটার হয়ে ওঠার যাত্রা আমি দেখেছি। আমার রেকর্ড পেরিয়ে তোমাকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে দেখে আমি সত্যিই গর্বিত। আরও অনেক রান এবং মাইলফলকের জন্য আগাম শুভেচ্ছা।’’
আন্তর্জাতিক ক্রিকেটে মহিলা ক্রিকেটারদের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখন শীর্ষে স্মৃতি। দ্বিতীয় মিতালি। তৃতীয় নিউজ়িল্যান্ডের সুজি বেটস (১০,৭৪০), চতুর্থ ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০,২৭৩) এবং পঞ্চম ওয়েস্ট ইন্ডিজ়ের স্টেফানি টেলর (১০,০০৭)।
শুধু মিতালির রেকর্ড ভাঙাই নয়, আরও একটি নজির গড়েছেন স্মৃতি। মহিলা টি২০ এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন তাঁর হাতে। ১২৪ রান করে তিনি ছাপিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুর ২০২৪ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ১১৯ রানকে।
হংকংয়ের বিরুদ্ধে স্মৃতির শতরানে ভর করে ভারত ১৯৩/৫ রান তোলে। শেফালি বর্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে ওঠে ৭৪ রান। জবাবে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় হংকং। দীপ্তি শর্মা ৯ রানে তিন উইকেট নেন। ফলে ১৩৭ রানে জয় পায় ভারত।
স্মৃতি এ দিন টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় শতরান করা ভারতীয় মহিলা ক্রিকেটারও হলেন। তাঁর আগে এই নজির ছিল শুধু হরমনপ্রীত কউরের।