Soccer Football - FIFA World Cup 2026 - Final - Spain v Argentina - New York/New Jersey Stadium, East Rutherford, New Jersey, U.S. - July 19, 2026 Spain's Fabian Ruiz and Rodri in action with Argentina's Lionel Messi REUTERS/Kai Pfaffenbach
লিয়োনেল মেসি মাঠে ছিলেন। কিন্তু তাঁর উপস্থিতিও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারল না। ফাইনালে শুরু থেকেই স্পেনের দাপটের সামনে কার্যত অসহায় দেখাল লিয়োনেল স্কালোনির দলকে। বলের দখল, আক্রমণের ধার এবং কৌশল— সব দিক থেকেই এগিয়ে ছিল স্পেন। শেষ পর্যন্ত হার মেনে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মেসিদের। এই পরাজয়ের নেপথ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ স্পষ্ট হয়ে উঠেছে।

সবচেয়ে বড় কারণ, অতিরিক্ত মেসি-নির্ভরতা। গোটা প্রতিযোগিতায় কঠিন সময়ে মেসিই দলকে ভরসা দিয়েছেন। কিন্তু ফাইনালে স্পেনের কড়া নজরদারিতে তিনি কার্যত নিষ্প্রভ। মেসি আটকে যেতেই আর্জেন্টিনার আক্রমণও স্তব্ধ হয়ে যায়।
দ্বিতীয়ত, স্পেনের দুর্দান্ত মাঝমাঠ। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশ ফুটবলারদের পায়ে। ছন্দ বজায় রেখে একের পর এক আক্রমণ গড়ে তোলে তারা। বিপরীতে, আর্জেন্টিনা অধিকাংশ সময়ই বলের পিছনে ছুটেছে। মাঝমাঠের লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে হেরে যায় স্কালোনির দল।
তৃতীয় বড় ধাক্কা আসে এঞ্জো ফের্নান্দেজ়ের লাল কার্ডে। সমসংখ্যক ফুটবলার নিয়ে লড়াই চললেও ১০ জনে নেমে আসার পর ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়। অতিরিক্ত জায়গা পেয়ে স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
এর সঙ্গে যোগ হয় লিসান্দ্রো মার্তিনেজ়ের চোট। প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার নির্ভরযোগ্য ডিফেন্ডার। তাঁর অনুপস্থিতিতে রক্ষণে সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে ওঠে এবং স্পেন সেই সুযোগ কাজে লাগায়।
সবশেষে প্রশ্ন উঠছে লিয়োনেল স্কালোনির রক্ষণাত্মক কৌশল নিয়েও। গোটা প্রতিযোগিতায় সতর্ক ফুটবল খেললেও ফাইনালের মতো মঞ্চে সেই পরিকল্পনা বুমেরাং হয়। আক্রমণে ঝাঁপিয়ে পড়ার বদলে দীর্ঘ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল আর্জেন্টিনা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে চলে যায়। মেসির শেষ চেষ্টা সত্ত্বেও বিশ্বকাপ ট্রফি অধরাই থেকে গেল আর্জেন্টিনার।