যোগ্য গ্রামবাসীদের প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে কংগ্রেস থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ দেখাল বিজেপি নেতারা। বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের সানু পাড়ার গ্রাম পঞ্চায়েত সদস্য গনেশ ঘোষের বাড়িতে জনা কয়েক স্থানীয় বিজেপি নেতা কর্মী ও একাংশ গ্রামবাসী পৌঁছয়। তাঁদের দাবি, আবাস যোজনার ঘরের তালিকায় নাম থাকা সত্যেও কিভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। উল্টে ছাদের বাড়ি রয়েছে এরকম পরিবারকে ঘর দেওয়া হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। গ্রামবাসীদের দাবি, কখনও বলা হচ্ছে নাম বাতিল করা হয়েছে। আবার কখনও বলা হচ্ছে দ্বিতীয় সার্ভেতে নাম তোলা হবে। এই নিয়ে ধন্দে রয়েছেন গ্রামবাসীরা। এই জেরে গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে বচসার জড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সঙ্গে বিজেপি মণ্ডল সভাপতি দীপঙ্কর দত্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতে আসেন। দীপঙ্কর বলেন, “বিজেপি যারা করেন তাঁদের ঘর থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীর উন্নয়ন গ্রামে গ্রামে পৌঁছে যাক। এই কারণে আমাদের তরফ থেকেও সার্ভে করা হচ্ছে।”
গ্রামবাসীরা জানায়, আমরা ঘর পাচ্ছি না এই কারণে এসেছি গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে। পঞ্চায়েত সদস্য গনেশ ঘোষ বলেন, “যেহেতু আমি বিরোধী দল করি এই কারণে উদ্দেশ করে আমার বাড়িতে এসেছে বিজেপি নেতা কর্মীরা। ঘরের আবেদন অন লাইনে হয়েছে৷ ঘর কে পাবে, কে পাবে না সবটাই সার্ভের মাধ্যমে প্রশাসন দেখছে। কোনও সময় বলা হচ্ছে বেশি টাকা দেওয়া হবে এই সব তথ্য আমাদের কাছে কিছুই নেই। আসলে আমি জলাশয় ভরাট থেকে শুরু করে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করছি এই কারণে আমার বিরুদ্ধে বিজেপি এই চক্রান্ত। বিরোধীদের হেনস্তা করার জন্য এই সব চক্রান্ত করছে বিজেপি।”