Kolkata, Jun 12 (ANI): TMC leader Abhishek Banerjee speaks to the media after CID team reached his residence, in Kolkata on Friday. (ANI Video Grab)
একের পর এক এফআইআরকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে নতুন মোড়। কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে এ বার রাজ্যের প্রশ্ন, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার নজির যখন টানা হচ্ছে, তখন তাঁর মতো সিবিআই বা অন্য কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়ার দাবিও কি করছেন অভিষেক?

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্যের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তাঁর বক্তব্য, শুভেন্দুর মামলার সঙ্গে অভিষেকের মামলার তুলনা করা যায় না। কারণ, শুভেন্দু শুধু এফআইআর খারিজের আবেদন করেননি, পুলিশের বদলে সিবিআই বা স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আবেদনও করেছিলেন। অভিষেকের আবেদনে সেই দাবি নেই বলেই আদালতে জানান তিনি।
রাজ্যের যুক্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এফআইআরের অভিযোগ তুলে শুভেন্দুর মামলার সুবিধা দাবি করলে সেই মামলার সম্পূর্ণ প্রেক্ষাপটও বিবেচনায় রাখতে হবে। সেই সূত্রেই প্রশ্ন ওঠে, অভিষেকও কি সিবিআই তদন্ত চাইছেন?
এর আগে অভিষেকের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ যুক্তি দিয়েছিলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু একাধিক মামলায় হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন। আদালতের অনুমতি ছাড়া নতুন এফআইআর দায়ের না করার নির্দেশও দেওয়া হয়েছিল তাঁকে। একই ধরনের সুরক্ষা অভিষেকের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে দাবি করেছিলেন তাঁর আইনজীবী।
রাজ্যের পাল্টা বক্তব্য, শুধু রক্ষাকবচের অংশ তুলে ধরে দুই মামলাকে এক করে দেখা যায় না। দু’টি মামলার আইনি কাঠামো এবং আবেদন এক নয়।
আদালতে জানানো হয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর অভিষেকের বিরুদ্ধে প্রায় ১৬টি এফআইআর হয়েছে। সেই মামলাগুলিকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে আবেদন করেছেন তিনি। এ দিন তাঁর হয়ে সওয়াল করেন গোপাল শঙ্করনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য।
শুনানির শেষে বিচারপতি জানান, মামলার মূল শুনানি প্রায় শেষ। কয়েকটি নির্দিষ্ট আইনি বিষয়েই এখনও সওয়াল বাকি। আপাতত আগের নির্দেশ বহাল রেখে তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় আদালত। আগামী ১১ অগস্ট ফের শুনানি।