সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে দেখা মিলেছিল রোদের, কিন্তু বেলা গড়াতেই সেই রোদ উধাও হয়ে আকাশের মুখ ভার। বুধবারও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামি ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।

শুধু কলকাতাতেই নয়, গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। ভারী বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলীয় দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আগামিকাল বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নতুন নিম্নচাপের জেরে পঞ্চমীতে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুজোর চারদিনও ভোগাতে পারে নিম্নচাপের বৃষ্টি। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। নতুন করে নিম্নচাপ তৈরি হবে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থী তে। উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীর দিন এটি ওড়িশা ও অন্ধ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে।
বুধবার দক্ষিণবঙ্গ, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। হুগলি উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে।