বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: সবুজায়নের ডাক দিয়ে ভাঙড়ে শুরু হলো এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার ভাঙড় বইমেলা কমিটির উদ্যোগে ভাঙড় হাইস্কুল চত্বরে এই মহৎ উদ্যোগের সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। নিজ হাতে গাছ লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাঙড়ের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে বনমন্ত্রী বলেন, ভাঙড় নিয়ে অতীতে নানা নেতিবাচক প্রচার বা দুর্নাম থাকলেও, আজ এই কর্মসূচির মাধ্যমে এই এলাকা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
পাশাপাশি, সুন্দরবনের পরিবেশ রক্ষা ও ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকারের পরবর্তী বড় পদক্ষেপের কথাও ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, সুন্দরবনের প্রায় ১৬০০ হেক্টর দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হবে এবং সেখানে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি করা হবে।
পরিবেশ সংরক্ষণের এই আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিতে আগামী দিনে এলাকার প্রতিটি স্কুল, কলেজ, মন্দির ও মসজিদ কমিটিকে এই বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী মনোজ কুমার ওরাও। স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে গাছের চারা দিয়ে এই মহৎ কাজে শামিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।