বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস-এর উদ্যোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। পশ্চিমবঙ্গ প্রদেশের সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনের নেতৃত্ব।

বিএমএস-এর দাবি, সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে কোলাঘাটে পরিকল্পিতভাবে একদল দুষ্কৃতীর হামলার শিকার হন দেবাশিস ভট্টাচার্য। এই ঘটনাকে শুধু একজন শ্রমিক নেতার উপর আক্রমণ নয়, বরং শ্রমিক সংগঠনের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলেও দাবি সংগঠনের।
বারুইপুরের বিএমএস নেতা উত্তম নস্কর বলেন, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকল অভিযুক্তকে অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ, দ্রুত এবং উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে সমাজবিরোধীদের মনোবল বাড়বে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে। তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বারুইপুর থানায় এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।