বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বিশ্ব ব্যাঘ্র দিবসে সুখবর। গত কয়েক বছরে সুন্দরবনে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যাঘ্র প্রকল্পের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, সুন্দরবনে বর্তমানে ১১০টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। সর্বশেষ পরিসংখ্যানে এই সংখ্যা ছিল ১০৫ টি।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সমীক্ষা চালানো হয়। বাঘ গণনার সঠিক পরিসংখ্যান পেতে বসানো হয় অত্যাধুনিক ট্র্যাপ ক্যামেরা। এই কাজের জন্য জঙ্গলের বিভিন্ন প্রান্তে মোট ১৪৮৪টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছিল। শুধু ব্যাঘ্র প্রকল্প এলাকা নয়, বনদপ্তরের অধীনস্থ এলাকাতেও ক্যামেরা বসানো হয়। যেখানে ধরা পড়ে একের পর এক পূর্ণ বয়স্ক বাঘের ছবি এবং সঙ্গে তাদের বাচ্চা।
ক্যামেরায় তোলা হাজার হাজার ছবি বিশ্লেষণের জন্য পাঠানো হয় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিতে। সেখান থেকেই বাঘের সঠিক সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
বন আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গলে বাঘিনী এবং তাদের শাবকদের ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে সুন্দরবনের পরিবেশ বাঘের বসবাসের জন্য অনুকূল। সর্বশেষ কয়েক বছর ধরে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতিবছর সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ভারতের বহু বনাঞ্চলে বাঘের সংখ্যা কমলেও সুন্দরবন একমাত্র স্থান যেখানে প্রায় প্রত্যেক বছর বাঘের সংখ্যা বাড়ছে। সুন্দরবন থেকে পাওয়া ব্যাঘ্র সুমারির
সমীক্ষার যাবতীয় তথ্য ইতিমধ্যেই ন্যাশনাল টাইগার কনজারভেসান অথরিটির কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বীকৃতি পাওয়ার পর তা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। সাধারণত প্রতি ৪ বছর অন্তর কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক বাঘ সুমারির রিপোর্ট প্রকাশ করে থাকে।
সুন্দরবন ব্যাখ্যা প্রকল্পের যে পরিসংখ্যান পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে ২০১৮ সালে সুন্দরবনের বাঘের সংখ্যা ছিল ৮৮ টি । ২০১৯ সালে এবং ২০২০ সালে বাঘের সংখ্যা ছিল ৯৬ টি। ২০২১- ২২ সেই সংখ্যা দাঁড়ায় ১০১ টি এবং ২০২৩- ২৪ শে সেই সংখ্যা দাঁড়ায় ১০৫ টি। ২০২৪-২৫ সালেও পরিসংখ্যান অপরিবর্তিত ছিল। তবে ২০২৫-২৬ বেড়েছে বাঘের সংখ্যা। এমনটাই মত ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। তবে বেসরকারি সূত্রমতে সুন্দরবনে ২০২৬ সালে এসে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১১০টি। গত কয়েক বছর ধরে যে সমস্ত বাঘের বাচ্চা গুলি বাঘিনীর সাথে ঘুরে বেড়াতে দেখা যেত সুন্দরবনের জঙ্গলে সেগুলি পূর্ণবয়স্ক রূপ পাওয়ায় বাঘের পরিসংখ্যান বেড়েছে এক লাফে বেশ খানিকটা।