প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক্টরের পিছনে ছোট গাড়ির ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ৪। ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন।বৃহস্পতিবার ভোররাতে কাঁকসার রাজবাঁধ এলাকায় বালি বোঝাই ট্রাক্টরের পিছনে একটি ছোট চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল একটি ছোট চার চাকা গাড়ি এবং একটি বালি বোঝাই ট্রাক্টর। অভিযোগ, দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি সামনে থাকা ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রলি-সহ ট্রাক্টরটি ঘুরে গিয়ে রাস্তার উপর উল্টে যায়।

অন্যদিকে, ছোট গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়ির ভিতরে আটকে থাকা আহতদের উদ্ধার করতে হাত লাগান তাঁরা। দুর্ঘটনার জেরে ট্রাক্টরের চালকও ছিটকে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আহতদের উদ্ধার করে রাজবাঁধ এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাকি চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।