রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা: হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁচলা বিধানসভার মল্লিকবাড়ি পুলগুস্তিয়া পঞ্চায়েত এলাকার ময়াকালহাটিতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে রাস্তায় নামলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে হাওড়া-আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে দীর্ঘ দেড় ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বহু উপভোক্তার অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ‘আন্ডার প্রসেস’ অবস্থায় পড়ে রয়েছে। এখনও পর্যন্ত তাঁরা প্রকল্পের টাকা পাচ্ছেন না। কেন তাঁদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না এবং কোথায় আটকে রয়েছে সেই কাজ, তা নিয়ে ক্ষোভ বাড়ছিল এলাকায়। শেষ পর্যন্ত সেই ক্ষোভ থেকেই রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশের তরফে অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ অবরোধ তুলতে রাজি না হওয়ায় পুলিশ তড়িঘড়ি লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে লাঠিচার্জের অভিযোগ নিয়ে পুলিশের তরফে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার ক্ষোভ থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এখন স্থানীয়দের একটাই দাবি, দ্রুত তাঁদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রাপ্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।