দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে অভিনব উদ্যোগ নিল হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত ভট্টনগর বাজারের জনপ্রিয় মোবাইলের দোকান ‘আকর্ষণ’।

পুজোর মৌসুমে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে এই দোকানে চালু হয়েছে এক দারুণ অফার যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইল কিনলেই উপহার হিসেবে দেওয়া হচ্ছে বাঙালির আবেগের প্রতীক তাজা ইলিশ মাছ, সুন্দর ফটো ফ্রেম এবং নানা প্রয়োজনীয় ব্যবহারিক সামগ্রী। বাঙালি মানেই দুর্গাপূজা আর বাঙালি মানেই পাতে সুস্বাদু ইলিশ। কিন্তু বর্তমান বাজারে ইলিশের যে আকাশছোঁয়া দাম এবং বাজারে জোগান কম, তাতে সাধ থাকলেও অনেকেরই সাধ্যে কুলোচ্ছে না। সাধারণ মানুষের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই ‘আকর্ষণ’-এর কর্ণধার এই ব্যতিক্রমি উপহারের পরিকল্পনা করেন।

দোকানের এমন ঘোষণায় দারুণ খুশি স্থানীয় ক্রেতারা। এক গ্রাহক উচ্ছ্বাস প্রকাশ করে জানান, “অ্যান্ড্রয়েড মোবাইল তো আমাদের এমনিতেই কিনতে হতো, কিন্তু তার সঙ্গে যদি ইলিশ মাছ ফ্রি পাওয়া যায়, তবে তো সোনায় সোহাগা! পুজোয় এই ইলিশ বাড়িতে নিয়ে গিয়ে দারুণ একটা ‘ভাপা ইলিশ’ বানানোর প্ল্যান রয়েছে।”
দোকান কর্তৃপক্ষের মতে, পুজোয় গ্রাহকদের মুখে হাসি ফোটাতেই এই ছোট প্রচেষ্টা। একদিকে নতুন অ্যান্ড্রয়েড ফোন হাতে পাওয়ার আনন্দ, অন্যদিকে পাতে প্রিয় ইলিশ সব মিলিয়ে লিলুয়ার ভট্টনগর বাজারের ‘আকর্ষণ’ দোকানটি এখন ক্রেতাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।