বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : আইএসএফ ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার জীবনতলা বাজারে এলাকায়। এই ঘটনায় ৯ জন আহত হয়েছে বলে বারুইপুর জেলা পুলিশ সূত্রে খবর। তবে রাজনৈতিক দলগুলো তরফ থেকে আহত সংখ্যা জানানো হয়েছে আরও বেশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ ISF-এর একটি মিছিল বিজেপির বাজারের পার্টি অফিসের কাছাকাছি পৌঁছালে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি হয়ে স্লোগান দিতে শুরু করেন। একে অপরের বিরুদ্ধে কুৎসিত ভাষায় আক্রমণও করতে শোনা যায়। এই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও বচসার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে জীবনতলা থানা থেকে প্রচুর পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনা স্থলে। পুলিশের দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।
বারইপুর জেলা পুলিশের তরকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতি অনুযায়ী এই ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন। তাঁদের সকলকে জীবনতলা গ্রামীণ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। পরবর্তী চিকিৎসা ও পরীক্ষার জন্য তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত মাত্র একজন সেখানে গিয়েছেন এবং বাকিরা বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে জীবনতলা থানার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’পক্ষের তরফেই কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, উভয় পক্ষের তরফ থেকে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যথাযথ মামলা রুজু করে আইন অনুযায়ী তদন্ত করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।