মাম্পি রায়, সাংবাদিক : রবিবার পার্ক সার্কাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ৩৮জনকে গ্রেফতার করল পুলিশ। বিভিন্ন ইস্যুতে পার্ক সার্কাসে একদল বিক্ষোভকারী জমায়েত হয়েছিল এদিন। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে সংঘর্ষ বাঁধে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর বাসও ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। জখম হন ৩ জন পুলিশ কর্মী।

ঘটনার পর সোমবার পার্ক সার্কাসে কলকাতা পুলিশের ডিসি অফিসে পৌঁছে অশান্তি ও ভাঙচুরের ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশকর্মীদের সঙ্গে সাক্ষাত করলেন মুখ্যমন্ত্রী। তারপরই কড়া ভাষায় আইনভঙ্গকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘গতকাল এখানে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে ৷ কেউ বিক্ষোভ করতে পারেন৷ কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে, আইন মেনে করতে হবে৷ এটা আমরা পুলিশকেও বলেছি ৷ কিন্তু রবিবার পার্ক সার্কাসে হঠাৎই কিছু মানুষকে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছুড়তে শুরু করে কিছু মানুষ ৷ এধরণের আচরণ শ্রীনগরেও বন্ধ করা হয়েছে। কলকাতাতেও বন্ধ হয়ে যাবে৷ এই কাজগুলো করবেন না৷ যদি ভাবেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে তাহলে ভুল করবেন৷ আগের মতো পুলিশের হাত পা বেঁধে রাখা হবে ভাবলে ভুল করবেন৷ কোনও ধরনের গুন্ডামি, দেশবিরোধী কাজ বরদাস্ত করবে না নতুন সরকার৷ একটা পুলিশের গায়ে হাত পড়লে সরকার যা করার করবে, যতদূর যেতে হয় সরকার যাবে৷ শুধু গ্রেফতার নয়, অভিযুক্তদের যাতে শাস্তি হয়, সেটাও নিশ্চিত করবে সরকার৷’ হুঁশিয়ারির সুরে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
পার্ক সার্কাসের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড-সহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রবিবার দুষ্কৃতী দৌরাত্ম্যের সাক্ষী থেকেছিল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ও লাগোয়া এলাকা। পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি, তাঁদের লক্ষ্য করে ক্রমাগত ইটবৃষ্টি করে দুষ্কৃতীরা। ঘটনায় ৩জন পুলিশকর্মী জখম হয়েছেন।
রবিবার পার্ক সার্কাসে জমায়েত সরাতে গেলে পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে৷ পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ৷ ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হয়েছেন৷ সোমবার সেই আহত পুলিশকর্মীদের দেখতে গিয়ে পুলিশের মনোবল বাড়াতে পার্ক সার্কাসে কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সবমিলিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তার পাশাপাশি কোনও বিশৃঙ্খল পরিস্থিতি যাতে প্রশাসনিক কাজে কোনও ব্যাঘাত না ঘটাতে পারে, সেদিকেও একইসঙ্গে নজর রেখেছেন তিনি।