জুলেখা নাসরিন, সাংবাদিক: হিজাব পরে দীপিকা পাড়ুকোন। পাশে লম্বা দাড়ি নিয়ে রণবীর কাপুর। এই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সমাজ মাধ্যমে। মেয়ের জন্মের পরে আপাতত কাজ থেকে বিরতি নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন বলিউড কুইন। ইতিমধ্যে আট ঘন্টার বেশি আর কাজ করবেন না বলে ঘোষণা করে বেশ শোরগোল ফেলে দিয়েছেন দীপিকা। ফলে অনেকে মনে করছেন দীপিকার এই সিদ্ধান্তের জন্য তিনি কাজ পাচ্ছেন না। কল্কি ছবির সিক্যুয়েলে থাকছেন না দীপিকা। নেপথ্যে কারণ আট ঘন্টার শিফট। শুধু বৈজয়ন্তী মুভিজের ছবি কল্কি নয়, আরও বেশ কয়েকটি ছবি থেকে নিজেই সরে দাঁড়ান দীপিকা। আর প্রত্যেক ক্ষেত্রে কারণ আট ঘন্টার শিফট। তবে একের পর এক ছবি হাতছাড়া হলেও দীপিকার কোন মন্তব্য এখনও পাওয়া যায়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খয়েরি রঙের হিজাব পরা দীপিকার ছবি ছড়িয়ে পড়েছে। পাশে দেখা যাচ্ছে স্বামী রণবীর সিংকে। দীপিকা রণবীরের এই ছবি বেশ কৌতহল বাড়িয়েছে তাঁদের অনুগামীদের মধ্যে। হঠাৎ কেন এমন পোশাক পরতে গেলেন দীপিকা। তাহলে কি তিনি কোনও মুসলিম দেশে বাড়ি কিনেছেন? এমন জল্পনাও ভাসতে থাকে। কারণ দীপিকার মেয়ের নাম দুয়া রাখা নিয়েও বিতর্ক হয়েছিল। অনেকে কটাক্ষের সুরে পাড়ুকন-সিং দম্পতিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যে, দীপিকা মেয়ের মুসলিম নামকরণ কেন করলেন? ।যদিও মেয়ের নামকরণ নিয়ে একেবারে স্পিকটি নট থেকেছেন এই দম্পতি।
জানা যাচ্ছে আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটা বিজ্ঞাপন শুট করেছেন দীপিকা। সেই কারণেই ওমন পোশাক পরে দুবাইয়ের নানান দর্শনীয় জায়গায় ঘুরছেন দীপিকা-রণবীর। বলা যেতে পারে মেয়ে দুয়ার জন্মের পরে এটাই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে এলেন দীপ-বীর জুটি।
রণবীরের হাতে আপাতত বেশ কিছু ছবির কাজ থাকলেও দীপিকার হাতে তেমন কোনও কাজ নেই। তাছাড়া আট ঘন্টার বেশি কাজ করবেন না দীপিকা। ফলে অনেক প্রজেক্টও তাঁর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তবে শাহরুখ খানের কিং ছবিতে সই করেছেন দীপিকা। তাঁর কাজ পাওয়া, না পাওয়া নিয়ে যতই বিতর্ক, সমালোচনা থাকুক না কেন, হাবেভাবে দীপিকা বুঝিয়ে দিয়েছেন তিনি এই সবকে পাত্তা দেন না। নিজের শর্তেই বিন্দাস দীপিকা।