বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের (District Sports Association) উদ্যোগে বারুইপুরে সফলভাবে সম্পন্ন হলো দুই দিনব্যাপী ৪০ তম ইন্টার ডিস্ট্রিক্ট সুইমিং চ্যাম্পিয়নশিপ। মূলত জেলার প্রতিভাবান সাঁতারুদের তুলে আনার লক্ষ্যেই ২৭ ও ২৮ তারিখ ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এবারের এই চ্যাম্পিয়নশিপে ক্যানিং, তালদি, ধামুয়া, জয়নগর এবং বারুইপুর সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। মূলতঃ সাব-জুনিয়র ও জুনিয়র বিভাগের সাঁতারুদের জন্যই এই আসর বসেছিল। বয়সভিত্তিক চারটি বিভাগে (১১-১২, ১৩-১৪, ১৫-১৬ এবং ১৭-১৮ বছর) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতারের চারটি ভিন্ন স্ট্রোকের মোট ৮৫টি ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে জলে ঝাঁপিয়েছিল তরুণ প্রতিযোগীরা। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, এই জেলা স্তরের প্রতিযোগিতা থেকে যারা নির্বাচিত হবে, তারা আগামী দিনে রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
জুনিয়রদের পাশাপাশি সিনিয়র স্তরেও দক্ষিণ ২৪ পরগনার সাঁতারুরা নিজেদের ছাপ রাখছে। চলতি মাসের ৬ ও ৭ জুন অনুষ্ঠিত সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপে জেলার সাঁতারুদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। নিমপীঠের প্রতিভাবান সাঁতারু সৌগত দাস ওই প্রতিযোগিতায় অনবদ্য পারফর্ম করে ৪টি রূপো এবং ১টি ব্রোঞ্জ পদক জয় করে জেলার মুখ উজ্জ্বল করেছেন।
সাঁতারের পাশাপাশি ওয়াটার পোলোতেও দক্ষিণ ২৪ পরগনা জেলা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে বলে জানা গিয়েছে। জেলার দুই কৃতি খেলোয়াড় অর্ণব শাও এবং রাজেশ নস্কর ইতিমধ্যেই জাতীয় দলের রাডারে চলে এসেছেন। এই মুহূর্তে তারা ব্যাঙ্গালোরে জাতীয় দলের হয়ে লড়াই করছেন, যা সমগ্র জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
সব মিলিয়ে বারুইপুরের এই সুইমিং চ্যাম্পিয়নশিপ থেকে আগামী দিনের বেশ কিছু প্রতিশ্রুতিমান সাঁতারু উঠে আসবে বলেই আশাবাদী ক্রীড়া মহল।