বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক প্রৌঢ়াকে শারীরিক নির্যাতন ও জঘন্য অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনায় অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

জয়নগর এলাকায় এক বৃদ্ধার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। অভিযুক্ত এখনও পুলিশের নাগালের বাইরে থাকায় ক্ষোভ আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিবাদে চলে অবরোধ ও বিক্ষোভ। দোষীর কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যাম তৈরি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে—এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ তোলার চেষ্টা চলছে। স্থানীয় সাধারণ মানুষ ও পরিবারের পক্ষ থেকে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি এলাকাবাসীদের আরও দাবি গাজা, মদ ইত্যাদি নেশার জিনিস করতে হবে, রাস্তার জায়গায় জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে। যাতে মা-বোনেরা এই এলাকায় যথেষ্ট সুরক্ষা পায়। দাবিগুলি বিবেচনা করে তা পূরণের আশ্বাস দিতেই বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।