বৃহস্পতিবার ভারত সফর শেষ করে দেশ ছাড়লেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। এই সফরের ফলে ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে জানিয়েছেন তিনি।সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে রুবিও লেখেন, “ভারত সফর শেষ করে রওনা হলাম। এই সফরে আমরা অঞ্চলে আমাদের অর্থনৈতিক ও কৌশলগত লক্ষ্য পূরণের পথে এগিয়েছি।” তিনি আরও জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে সহযোগিতা বাড়লে ভারত ও আমেরিকা দু’দেশই আরও শক্তিশালী হবে।২১ অক্টোবর মুম্বইয়ে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর ভারত সফর শেষ করেন রুবিও।

এই সফরের মূল লক্ষ্য ছিল ভারত ও আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করা, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো।মুম্বইয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন রুবিও। সেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওই হামলায় ছ’জন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছিল।
ভারত ও আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে জ্বালানি বাণিজ্য, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি এবং আমেরিকা থেকে আরও বেশি জ্বালানি কেনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।এছাড়াও, আমেরিকায় নতুন একটি তেল পরিশোধন কেন্দ্র তৈরিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এই প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তাঁর মতে, এই ধরনের উদ্যোগ আমেরিকায় জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতেও সাহায্য করতে পারে।