সাতসকালে খালের জলে ভেসে এল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে মাটিয়ার পণ্ডিতজি কলোনি সংলগ্ন খালে এক ব্যক্তির মৃতদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা।

শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা
স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা। পরে খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চিত্ত সরকার। বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর বাড়ি মাটিয়ার বিবেকনগর এলাকায় বলে জানা গিয়েছে।
তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। খালের জলে কীভাবে তাঁর মৃতদেহ এল, তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। এটি খুন নাকি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।