সুস্মিত মজুমদার, নিজস্ব সংবাদদাতা: সেনাবাহিনীর ভুয়ো কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা, নবগ্রামে পুলিশের জালে সাগরদিঘির এক ব্যক্তি। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশের অভিযানে গ্রেফতার হল সেনাবাহিনীর এক ভুয়ো আধিকারিক। ধৃতের নাম তরুণ দাস, বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি এলাকায়। সোমবার তাকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ ও কলকাতা আর্মি ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে, তরুণ দাস নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতেন। সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে তিনি নিয়মিত সেনার পোশাক ও ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করতেন। অভিযোগ, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই কলকাতা আর্মি ইন্টেলিজেন্সের একটি দল তাঁর সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথ তৎপরতায় তাঁকে রবিবার রাত্রে পাকড়াও করা হয়।

অভিযুক্তের কাছ থেকে একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ, যাতে লাগানো ছিল ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার। এ ছাড়াও তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে তিনটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, ভুয়ো পরিচয়পত্র, সন্দেহজনক নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে এদিন আদালতে পাঠায় পুলিশ।