বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভোটের আর বেশিদিন বাকি নেই। এরইমধ্যে অবৈধ বোমা তৈরির হদিশ পেয়েই ছুটে গেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি ডাকঘরের কাছে একটি গুদামে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ চকলেট বোমা তৈরি হচ্ছে বলে হদিস পায়। ঘটনার খবর পেয়ে এসআই অর্ঘ্য মণ্ডল ও তার টিম গিয়ে ৫ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল সিরাজুল মোল্লা, রাজু এসকে, রাহুল এসকে, মুকুল সর্দার এবং বাপন সর্দার।

মোট ৭৫ কেজি নিষিদ্ধ চকলেট বোমা, ৪০ কেজি সেল, ২০০০টি খালি সেল এবং বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাজা বোমা উদ্ধার হয়েছে বকুলতলা থানার পূর্ব রূপনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রনি সরকারের নেতৃত্বে শুক্রবার রাতে পিন্টু হালদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও পাঁচটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর বাড়িতে পিন্টু বোমা তৈরি করছে এই খবর আসে পুলিশের কাছে এর পরেই থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে পুলিশের বিশেষ দল রওনা দেয় পিন্টুর বাড়িতে। সেখানে পুলিশ দেখে পিন্টু বাড়ি থেকে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। জায়গাটি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি বোম স্কোয়াডকে খবর দেয়া হয়েছে বোমা নিষ্ক্রিয় করার জন্য।