মাম্পি রায়, সাংবাদিক : ছ’দিনের বিদেশ সফরের শেষ গন্তব্য ইটালিতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রোমে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি ও জ্বালানি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর রূপরেখা স্থির হল। একই সঙ্গে মোদীর দেওয়া ‘পার্লে মেলোডি’ চকোলেট ঘিরে শেয়ার বাজারে সাময়িক বিভ্রান্তি এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) তীব্র আক্রমণ ঘিরে দেশের রাজনীতিতেও নতুন বিতর্কের জন্ম হল।

সংযুক্ত আরব আমিরশাহি, সুইডেন, নেদারল্যান্ডস ও নরওয়ে সফরের পর বুধবার রোমে পৌঁছন মোদী। বিমান অবতরণের পর সমাজমাধ্যমে তিনি লেখেন, ভারত-ইটালি সম্পর্ক আরও গভীর করাই তাঁর সফরের মূল লক্ষ্য। চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তির পর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।
রোমের ভিলা ডোরিয়া পামফিলিতে মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান মেলোনি। বৈঠকের সময় ইটালির প্রধানমন্ত্রীকে ‘পার্লে মেলোডি’ চকোলেট উপহার দেন মোদী। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হতেই মুম্বই শেয়ার বাজারে হইচই পড়ে যায়। লগ্নিকারীদের একাংশ ভুল করে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ়’-এর শেয়ার কেনা শুরু করেন। ফলে আচমকাই বেড়ে যায় সংস্থার শেয়ারদর। পরে জানা যায়, ওই সংস্থার সঙ্গে ‘মেলোডি’ চকোলেট প্রস্তুতকারক পার্লে প্রোডাক্ট্সের কোনও সম্পর্ক নেই। নামের মিল থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে মোদীকে কটাক্ষ করেন রাহুল। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, দেশের অর্থনৈতিক সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে ‘চকোলেট বিলি’ করছেন এবং ‘রিল বানাচ্ছেন’। কংগ্রেস নেতার এই মন্তব্যের পাল্টা তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।

এ দিনের বৈঠকে ২০২৯ সালের মধ্যে ভারত-ইটালি দ্বিপাক্ষিক বাণিজ্য ২০০০ কোটি ইউরোয় পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেন দুই প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি, মহাকাশ গবেষণা ও অসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। মোদী জানান, ভারত-ইটালি ইনোভেশন সেন্টার গড়ে তুলে দুই দেশের স্টার্টআপ ও গবেষণা ক্ষেত্রকে আরও সংযুক্ত ও সমৃদ্ধ করা হবে। পাশাপাশি জাহাজ চলাচল, বন্দর আধুনিকীকরণ ও ব্লু ইকোনমিতেও জোর দেওয়া হয়েছে।
এদিকে রায়বরেলীর সভা থেকে রাহুলের ‘গদ্দার’ মন্তব্য ঘিরেও রাজনৈতিক তরজা তুঙ্গে। রায়বরেলীর সভায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, “এরপর কোনও আরএসএস নেতা যদি আপনার বাড়িতে আসে, তাঁরা যদি নরেন্দ্র মোদী-অমিত শাহর কথা বলেন, তাহলে তাঁর চোখে চোখ রেখে পালটা বলুন, আপনার প্রধানমন্ত্রী গদ্দার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী গদ্দার, আরএসএস গদ্দার। আপনারা ভারত বেচার কাজ করছেন, আপনারা সব স্বশাসিত সংস্থাকে আক্রমণ করছেন, আপনারা আমাদের সংবিধানকে আক্রমণ করছেন, আম্বেদকরকে আক্রমণ করছেন, মহাত্মা গান্ধীকে আক্রমণ করছেন।” রাহুলের ওই কড়া ভাষার সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখছে বিজেপি।
বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করেছেন কংগ্রেস নেতা। পাশাপাশি বিদেশ সফর নিয়ে সমালোচনা করতে গিয়ে কংগ্রেসের সমাজমাধ্যম টিম নরওয়ের বদলে সুইডেনের পতাকা ব্যবহার করে পোস্ট করে, এর ফলে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবিরও।