বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : সাগর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং রোগী রেফার সংক্রান্ত বিষয়ে কড়া অবস্থান নিলেন বিধায়ক সুমন্ত মণ্ডল। বৃহস্পতিবার সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও এবং বিএমওএইচ-এর উপস্থিতিতে রোগী কল্যাণ সমিতির এক জরুরি বৈঠকে এই কড়া নির্দেশ দেন তিনি।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সাগর থানার ওসি, গঙ্গাসাগর কোস্টাল থানার ওসি সহ হাসপাতালের সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা। বিধায়ক সুমন্ত মণ্ডল স্পষ্টভাবে জানান, সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যের সঙ্গে কোনো আপস করা চলবে না।
হাসপাতালে যাতে ২৪ ঘণ্টাই নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক।
রোগী রেফার করার প্রবণতা নিয়ে বিধায়ক চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি নির্দেশ দেন, কোনো রোগীকে রেফার করলে তিনি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছালেন এবং চিকিৎসা পাচ্ছেন কি না, তার সম্পূর্ণ ট্র্যাকিং রিপোর্ট রাখতে হবে।
রোগী রেফার করার পর তার দায়িত্ব এড়ানো যাবে না। যদি কোনো রোগীর যথাযথ চিকিৎসা না হয়, তবে তার দায়ভার রোগী কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কর্মীদের নিতে হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন।হাসপাতালের বর্তমান পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত পরিষেবা আরও উন্নত করার ওপর জোর দিয়েছেন বিধায়ক। সাগরবাসীর জন্য সার্বিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।