বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : হকার উচ্ছেদ নিয়ে হকারদের সাথে রেল কর্তৃপক্ষের চরম বাদানুবাদ ঘিরে অশান্তি ও ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল আজ বারুইপুর স্টেশন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রেলের জমি পুনরুদ্ধারের লক্ষ্যে বারুইপুর স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের হকারদের দোকান সরিয়ে নেওয়ার জন্য আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়া সত্ত্বেও হকাররা না সরায় শুক্রবার সকালে আরপিএফ (RPF), জিআরপি (GRP) এবং বারুইপুর থানার পুলিশ যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় বারুইপুর স্টেশন চত্ত্বরে।

অভিযান চলাকালীন সিটুর (CITU) নেতৃত্বে লায়েক আলির উপস্থিতিতে হকাররা মিছিল করে বাধা দেন, যার ফলে এলাকায় উত্তেজনা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
এই পরিস্থিতির প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ ও সিটুর মধ্যে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে সিটুর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, আগামী ১৫ দিনের মধ্যে হকাররা স্বেচ্ছায় তাদের দোকানপাট সরিয়ে নেবেন। এই আশ্বাসের পর সাময়িকভাবে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়।

এই ধরনের ঘটনা স্থানীয় অর্থনীতি এবং রেল পরিষেবা—উভয়ের ওপরই প্রভাব ফেলেছে। ব্যস্ত স্টেশনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আগামী ১৫ দিনে পরিস্থিতি কীভাবে এগোয় এবং পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয় কি না, তা দেখার বিষয়।