বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হয়েছে ভোটের শতাংশ বাড়ানোর জন্য। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের বুথমুখী করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। তবে সাগর বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের ১৩৫ নম্বর বুথে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ায় শেষ পর্যন্ত গ্রামবাসীরাই অনন্য এক নজির সৃষ্টি করলেন।

ভোটের দিন সকালে এই এলাকায় দেখা যায় এক মানবিক দৃশ্য। বেশ কিছু ভোটার শারীরিক অসুস্থতা বা পায়ের চোটের কারণে হাঁটতে পারছিলেন না। আবার কেউ কেউ ছিলেন জন্মগতভাবেই বিশেষভাবে সক্ষম। তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের কোনো সহযোগিতা না পেয়ে আর অপেক্ষা না করে নিজেরাই এগিয়ে আসেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে তৈরি করা হয় বাঁশের বিশেষ ‘দোলনা’। সেই দোলনায় বসিয়েই অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের কাঁধে করে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
গ্রামবাসীদের এই তৎপরতায় আপ্লুত সাধারণ ভোটার থেকে শুরু করে নির্বাচন কর্মীরা। দোলনায় চড়ে বুথে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে খুশি ওই ভোটাররা। গ্রামবাসীরা জানান, “গণতন্ত্রের উৎসবে কেউ যেন বাদ না পড়েন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” নির্বাচনের এই কর্মযজ্ঞে সাগর ব্লকের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।