সুপ্রিয় বসাক, নিজস্ব সংবাদদাতা : বড় গ্যাসের সিলিন্ডার থেকে ছোটো গ্যাস সিলিন্ডার ভরতে গিয়ে আচমকা সিলিন্ডার ফেটে বিপত্তির অভিযোগ। পুজোর ভরা মরসুমে বিকট শব্দে গোটা বাজার কেঁপে উঠল। ঘটনায় মূহুর্তের ধূপগুড়ি শহরের গুরুত্বপূর্ণ থানা রোডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এমনকি দোকানের উপরতলায় অবৈধ ভাবে পেট্রোল ও ডিজেলের মজুতের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে।

জানা যায় বুধবার ভরদুপুরে থানা রোডের একটি বাসনপত্রের দোকানে বিপত্তি ঘটে। অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই দোকানে বড় গ্যাসের সিলিন্ডার থেকে ছোটো গ্যাসের সিলিন্ডার গ্যাস ভরা হত। এদিনও সেই কাজ চলছিল বলে অভিযোগ।তবে এদিন আচমকাই একটি ছোটো গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। মূহুর্তের আশেপাশের লোকজন ছুটে আসে।পুজোর বাজার থাকায় গোটা এলাকায় ক্রেতাদের ভিড় ছিল। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ছুটে আসে। পুলিশও দ্রুত ঘটনাস্থলে চলে আসে। গোটা পরিস্থিতি দমকল কর্মীরা খতিয়ে দেখেন। অভিযোগ দোকানে বিপুল পরিমাণ গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি দোকানের উপরতলাতে বেশ কয়েকটি ড্রামে পেট্রোল ও ডিজেলের মজুত থাকতে দেখা যায়।বিষয়টি নিয়ে ব্যবসায়ীকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।তিনি বলেন আমি গ্যাস ভরার কাজ করি তবে দোকানে কোনো কিছু মজুত করি না।অনেকে গ্যাস ভরতে নিয়ে আসে। দোকানে কোনো রকম পেট্রোল ও ডিজেল রাখা হয় না।
তবে প্রশ্ন উঠছে একজন ব্যবসায়ী কিভাবে অনুমতি না নিয়ে দীর্ঘদিন ধরে এভাবে ভরা বাজারের রান্নার গ্যাসের ভরছেন। প্রশাসনের নজরদারি নিয়েও একাধিক প্রশ্ন উঠছে।এদিন বাজার চত্বর বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল।