Murshidabad [West Bengal], Oct 06 (ANI): Aam Janata Unnayan Party (AJUP) chief and MLA Humayun Kabir being taken away by Rejinagar Police from his party office, in Murshidabad on Tuesday. (ANI Video Grab)
ভোটের ফল প্রকাশের আগেই কার্যত হার স্বীকার করলেন হুমায়ুন কবীর। শুধু তা-ই নয়, রেজিনগর উপনির্বাচনে ভোটের নামে ‘প্রহসন’ হয়েছে বলে অভিযোগ তুলে রাজনীতি থেকে স্বেচ্ছাবসরের ঘোষণাও করলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান। একই সঙ্গে জানালেন, শুভেন্দু অধিকারী যত দিন মুখ্যমন্ত্রী থাকবেন, তত দিন বিধানসভায় যাবেন না তিনি।

মঙ্গলবার রেজিনগর উপনির্বাচনের দিন সকালেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রায় ১২ ঘণ্টা পর সন্ধ্যায় মুক্তি পান হুমায়ুন। তাঁর ছেড়ে দেওয়া রেজিনগর আসনে দলের প্রার্থী তাঁর ছেলে গোলাম নবি আজ়াদ। ভোটগ্রহণ শেষে তিনিও বিজেপির বিরুদ্ধে ভোটলুটের অভিযোগ করেছিলেন।
বুধবার সকালে রেজিনগরের প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত ভেঙে পড়তে দেখা যায় হুমায়ুনকে। এক সময়ের ‘আক্রমণাত্মক’ নেতা এ দিন কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন। তাঁর দাবি, রেজিনগরে বিপুল ভোটে বিজেপি জয়ী হবে। কিন্তু সেই জয়কে জনমতের প্রতিফলন বলে মানতে নারাজ তিনি। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে শাসকদল ভোট ‘চুরি’ করেছে।
হুমায়ুন বলেন, ‘‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেব। এমন গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা যায় না।’’ বিধানসভায় আর না যাওয়ার কঠিন সিদ্ধান্তের জন্য নওদার সাধারণ মানুষের কাছেও ক্ষমা চান তিনি। তবে এলাকার মানুষের স্বার্থে নিজের বিধানসভা কেন্দ্রে সমস্ত পরিষেবা সচল রাখবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার ভোটকেন্দ্র থেকে বেরিয়ে পুলিশকে উদ্দেশ করে অশালীন মন্তব্য, ভোটারদের উস্কানি দেওয়া এবং প্রভাবিত করার অভিযোগ ওঠে হুমায়ুনের বিরুদ্ধে। তার পরেই তাঁকে আটক করা হয়। সেই ঘটনার প্রসঙ্গে বুধবার তাঁর বক্তব্য, ‘‘যে গণতান্ত্রিক কাঠামোয় বিনা কারণে একজন সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ নির্বাচিত বিধায়ককে জোর করে তুলে নিয়ে গিয়ে ১২ ঘণ্টা আটকে রাখতে পারে, সেই গণতন্ত্রকে আমি ঘৃণা করি। এই পুলিশমন্ত্রীকেও আমি এড়িয়ে চলব।’’
তবে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি থেকে সরে আসেননি হুমায়ুন। সেই কাজ তিনি করেই যাবেন বলে জানালেন নওদার বিধায়ক।