‘ম্যায়নে তেরে হি ভরোসে হনুমান সাগর মে নাইয়া ডাল দই’- চর্চিত তারকাবিহীন সিনেমা হনুমান অংশের এই গান এখন রীতিমতো ভাইরাল। ছবিতে ভজনটি ব্যবহৃত হওয়ায় আপ্লুত দৃষ্টিহীন গায়ক সুনীল লোধি। ছবির নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দাবি, দর্শকের ভালবাসাই তাঁকে নতুন করে পরিচিতি দিয়েছে।

মধ্য়প্রদেশের বুন্দেরখণ্ডের একটি ছোট গ্রামে জন্ম সুনীলের। ২৫ বছর বয়সী সুনীল আসলে দৃষ্টিহীন। চোখ নেই তো কী ? তাঁর কণ্ঠই তাঁকে এনে দিয়েছে সাফল্য।
এতদিন গ্রামের ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে লোকাল ট্রেনে বুন্দেলি ভাষায় এই গানটি এবং ভজন গেয়ে বেরিয়েছেন সুনীল। এখন সেই গানই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সংবাদমাধ্যম এএনআই-কে সুনীল বলেন, ‘‘আমি এত ভালবাসা পেয়েছি। আমাদের পরিচালক আমাকে ভাইরাল হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। সবটাই যেন হনুমানজির কৃপায় সম্ভব হয়েছে। ছবির সমস্ত শিল্পী, গোটা টিম এবং আমার শ্রোতাদের ধন্যবাদ।’’
গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হনুমান অংশ’। মুক্তির সময়ে খুব বেশি আলোড়ন তৈরি না হলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার জেরে ধীরে ধীরে ছবিটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। এ বার সেই ছবির প্রশংসায় মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগও।
সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় সেহবাগ ‘মহারাজজি’ নিম করোলি বাবার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগের কথা তুলে ধরেন। তাঁর কয়েক জন ঘনিষ্ঠ বন্ধু নিম করোলি বাবার ভক্ত বলেও জানান প্রাক্তন ক্রিকেটার।
বিশাল চতুর্বেদী পরিচালিত ও চিত্রনাট্য লেখা ‘হনুমান অংশ’ মূলত নিম করোলি বাবার জীবন ও শিক্ষাকে কেন্দ্র করে তৈরি। ভক্তদের একাংশ তাঁকে হনুমানজির অবতার বলে মনে করেন। ভালবাসা, ভক্তি এবং সেবার বার্তাই তাঁর বাণী।
দেশে দর্শকের সাড়া পাওয়ার পর এ বার আন্তর্জাতিক বাজারেও পা রাখতে চলেছে ছবিটি। আগামী ১১ সেপ্টেম্বর বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘হনুমান অংশ’-এর। বিদেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে হাম্বালে ফিল্মস।