আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক : অবশেষে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। ভারতীয় ফুটবলের মঞ্চে ফের শিরোপার সিংহাসনে উঠল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ফাইনালে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথম বার আইএসএল খেতাব জিতল লাল-হলুদ ব্রিগেড।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আবেগে ভেসে যায় গোটা স্টেডিয়াম। কেউ হাঁটু গেড়ে বসে পড়েছেন, কেউ জড়িয়ে ধরেছেন পাশের সমর্থককে। গ্যালারিতে তখন একটাই ধ্বনি— “ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গল”।
ম্যাচের শুরুটা অবশ্য স্বপ্নের মতো ছিল না। ঘরের মাঠে চাপে পড়ে যায় অস্কার ব্রুজ়নের দল। ১৪ মিনিটে আচমকাই এগিয়ে যায় ইন্টার কাশি। ডেভিড মুনোজ়ের লম্বা বল ধরে দুরন্ত ভলিতে প্রভসুখন গিলকে পরাস্ত করেন আলফ্রেড প্লানাস। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় কিশোর ভারতী।
গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ২২ মিনিটে বিপিন সিংহের ক্রস থেকে সহজ সুযোগ পেয়েও বল বার-এর উপর দিয়ে উড়িয়ে দেন ইউসেফ এজেজ়ারি। প্রথমার্ধে আরও কয়েক বার গোলের মুখে বিপদ তৈরি করে ইন্টার কাশী। প্লানাসের আক্রমণে বার বার নড়বড়ে দেখায় লাল-হলুদ রক্ষণ।
কিন্তু দ্বিতীয়ার্ধে যেন অন্য ইস্টবেঙ্গল। ৫০ মিনিটে অনবদ্য এক থ্রু পাস বাড়ান অনোয়ার আলি। সেই বল ধরে ডিফেন্ডারকে পিছনে ফেলে গোলরক্ষক শুভম ধাসকে কাটিয়ে জালে বল জড়ান এজেজ়ারি। মুহূর্তে বদলে যায় ম্যাচের গতি। গ্যালারিতে ফের ফিরে আসে বিশ্বাস।
সমতায় ফেরার পর ক্রমশ আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে বিপিন সিংহের মাপা ক্রসে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন মহম্মদ রশিদ। আর তাতেই উন্মাদনায় ফেটে পড়ে স্টেডিয়াম।
শেষ কয়েক মিনিট ছিল শুধুই স্নায়ুর পরীক্ষা। কারণ অন্য ম্যাচে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্টও। ফলে পয়েন্ট সমান হলেও উন্নত গোলপার্থক্যের সুবাদে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারা।
ব্যক্তিগত পুরস্কারেও ছাপ রাখল লাল-হলুদ। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতলেন ইউসেফ এজেজ়ারি। গোল্ডেন বল পেলেন মিগেল ফিগেইরা। চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের হাতে উঠল ১.২৫ কোটি টাকার পুরস্কারও।
দীর্ঘ প্রতীক্ষার শেষে, বৃহস্পতিবারের রাতটা তাই শুধুই ইস্টবেঙ্গলের।