আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলায় ৪২ বছর পর মন্দিরের রথ প্রবেশ করল দলিত অধ্যুষিত এলাকায়। রবিবার ওয়ালাজাবাদের কাছে পুথাগরম গ্রামে জেলা প্রশাসনের নির্দেশে পরীক্ষামূলকভাবে রথযাত্রার আয়োজন করা হয়।পুথাগরম গ্রামের অরুলমিগু শ্রী মুথু কোলাক্কি আম্মান মন্দিরের রথযাত্রার পথ দলিত অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন ওই এলাকার বাসিন্দারা। তবে স্থানীয়দের একাংশ এই দাবির বিরোধিতা করেন বলে অভিযোগ। এর জেরেই রথযাত্রার পথ নিয়ে বিবাদের সৃষ্টি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেন পাসারাই সেলভরাজ। তাঁর আবেদনের ভিত্তিতে আদালত নির্দেশ দেয়, মন্দিরের রথ দলিত অধ্যুষিত এলাকায় প্রবেশ করবে। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও দীর্ঘদিন ধরে রথযাত্রা অনুষ্ঠিত হয়নি।অবশেষে জেলা প্রশাসনের নির্দেশে রবিবার রথের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। তামিল প্রবাসী কল্যাণমন্ত্রী থেনারাসু এবং বনমন্ত্রী রঞ্জিত কুমার রথের দড়িতে টান দিয়ে এই যাত্রার সূচনা করেন।
গোটা গ্রামে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। জেলা পুলিশ সুপার আরবিন্দনের নেতৃত্বে মোতায়েন ছিলেন ২০০-রও বেশি পুলিশকর্মী। তাঁদের মধ্যে ছিলেন চারজন ডিএসপি, দু’জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ জন ইন্সপেক্টর। পুলিশি নিরাপত্তার মধ্যেই রথটি গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মন্দিরে পৌঁছয়।৪২ বছর পর মন্দিরের রথ দলিত অধ্যুষিত এলাকায় প্রবেশ করায় খুশিতে মেতে ওঠেন সেখানকার বাসিন্দারা। তাঁরা পুজো দেন, দীপ আরাধনা করেন এবং চেন্ডা মেলম ও ঢাক-ঢোলের বাদ্যের তালে রথের দড়ি টেনে উৎসবে শামিল হন।