মাম্পি রায়, সাংবাদিক : টানা তৃতীয়বার অসমে ক্ষমতায় এল এনডিএ। মঙ্গলবার দ্বিতীয় বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। শপথগ্রহণের পরই তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অসমের জন্য দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে মোদী বলেন, হিমন্ত বিশ্ব শর্মা একজন দক্ষ প্রশাসক হিসেবে রাজ্যে উল্লেখযোগ্য কাজ করেছেন।

গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তালিকায় ছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
শপথ নেওয়ার পর সমাজমাধ্যম ‘এক্স’-এ মোদী লেখেন, “অসমের জন্য এটি এক গর্বের দিন। টানা তৃতীয় বার এনডিএ সরকার ক্ষমতায় এল। হিমন্ত বিশ্ব শর্মাকে শুভেচ্ছা। তিনি একজন অসাধারণ প্রশাসক হিসেবে নিজের ছাপ রেখেছেন এবং রাজ্যের উন্নয়নে পথপ্রদর্শকের কাজ করেছেন।” পাশাপাশি নতুন মন্ত্রিসভার সদস্য রামেশ্বর তেলি, অতুল বোরো, চরণ বোরো এবং অনন্ত নিয়োগকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
হিমন্তের সঙ্গে এ দিন চার জন মন্ত্রীও শপথ নেন। তাঁদের মধ্যে দু’জন বিজেপির, এক জন অসম গণ পরিষদ (এজিপি) এবং এক জন বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর প্রতিনিধি। অন্য দিকে, প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রঞ্জিত কুমার দাসকে (Ranjeet Kumar Dass) বিধানসভার স্পিকার পদে এনডিএর প্রার্থী করা হয়েছে।

সম্প্রতি সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সাফল্য পায়। ১২৬ আসনের মধ্যে ১০২টি দখল করে তারা তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে। শরিক এজিপি ও বিপিএফ ১০টি করে আসন জেতে। নিজের কেন্দ্র থেকেও ৮০ হাজারের বেশি ভোটে জয়ী হন হিমন্ত, যা রাজ্য রাজনীতিতে তাঁর প্রভাব আরও মজবুত করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শপথের পর বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বলেন, গত এক দশকে প্রধানমন্ত্রী মোদীর ‘ডাবল ইঞ্জিন’ সরকারের হাত ধরেই অসমের দ্রুত পরিবর্তন সম্ভব হয়েছে। আগামী দিনেও উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।