মাম্পি রায়, সাংবাদিক : বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ নিয়েই যখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই আবহেই সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বসল জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ শরিকের অনুপস্থিতি এবং জোটের অন্দরের মতভেদের জেরে বৈঠকের আগেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল।

বৈঠকের একটি ছবি প্রকাশ্যে আসতেই তা বিশেষ তাৎপর্য পায়। সেখানে দেখা যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর পাশে। তাঁর অন্য পাশে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকের মাঝেই তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা চলতে দেখা যায়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ছবি শুধুমাত্র আসন বিন্যাসের নয়, বরং বিরোধী রাজনীতির সম্ভাব্য নতুন সমীকরণেরও ইঙ্গিত বহন করছে। কারণ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ও কংগ্রেসের সম্পর্ক ছিল তীব্র সংঘাতপূর্ণ। বাংলায় আসন সমঝোতা না হওয়া তো বটেই, দুই দল একে অপরের বিরুদ্ধে সরব হয়েছিল নির্বাচনী প্রচারেও। রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব— উভয় পক্ষই প্রকাশ্যে কড়া আক্রমণ শানিয়েছিল।

তবে নির্বাচনের ফল প্রকাশের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। ভোটে তৃণমূলের পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন রাহুল গান্ধী। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়। সেই ঘটনাকেই বিরোধী শিবিরে নতুন সমন্বয়ের সূচনা হিসেবে দেখছেন অনেকেই।
এ দিকে তৃণমূলের অন্দরে চলা রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপি-বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তিকে এক ছাতার তলায় আসার আহ্বান জানিয়েছেন। বাম ও অতিবাম দলগুলিকেও বৃহত্তর বিরোধী ঐক্যের অংশ হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, বৈঠকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে। বিজেপির বিরুদ্ধে বিরোধী ভোটকে একত্রিত করাই এই কৌশলের মূল লক্ষ্য। যদিও বৈঠকের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি, তবু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠককে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকেরা।