বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : এবার শওকত মোল্লাকে এলাকায় ঘোরালো পুলিশ। তবে জাহাঙ্গীর খানের মতো তাকে কোমরে দড়ি পরিয়ে হাফপ্যান্ট পরিয়ে নয় বরং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শওকত মোল্লাকে এলাকায় ঘোরানো হয়।

ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা কয়েকদিন আগে গ্রেফতার হয়েছিলেন কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে। ভাঙরে বোমা বিস্ফোরণকাণ্ডে তাকে গ্রেফতার করেছিল এনআইএ। সেই এনআইএ হেফাজত থেকে শওকত মোল্লাকে চারদিনের জন্য জীবনতলা থানার পুলিশ তাদের হেফাজতে নেয়। শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে জীবনতলা থানায়। সেই কারণেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শওকত মোল্লাকে আনা হয় জীবনতলা থানায়। বৃহস্পতিবার বিকেলে তাকে থানা থেকে বের করে এলাকায় ঘোরানো হয়। মূলত শওকত মোল্লা সম্পর্কে এলাকার মানুষের কাছে যে আতঙ্ক বা ভীতি রয়েছে তা কাটানোর জন্যই শওকত মোল্লাকে এলাকায় ঘোরানো হয় পুলিশের তরফ থেকে, এমনটাই জানা গিয়েছে। এদিন শওকত মোল্লাকে দেখতে প্রচুর মানুষ রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন রাস্তায়। বিজেপির তরফ থেকে শওকত মাছ চোর গানও বাজানো হয় এলাকায়।