অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। চার বছরের পরিবর্তে এ বার ছ’বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন অগ্নিবীরেরা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে আরও দু’বছর বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ। সেনাবাহিনী থেকে প্রায় ১৮ হাজার অগ্নিবীরের মেয়াদ শেষ হওয়ার কয়েক সপ্তাহ আগেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।

প্রতিরক্ষা বিভাগের প্রধান (চিফ অফ ডিফেন্স স্টাফ) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী জানিয়েছেন, সমস্ত অগ্নিবীরকেই সেনাবাহিনীতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে মেয়াদ বৃদ্ধির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট অগ্নিবীরের কাজের দক্ষতা এবং পারফরম্যান্সের মূল্যায়নের উপর। অর্থাৎ, প্রত্যেকের ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে মেয়াদ বাড়বে না। নির্দিষ্ট পর্যালোচনার ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেনারেল সুব্রহ্মণীর কথায়, ‘‘প্রথম থেকেই স্পষ্ট ছিল যে অগ্নিপথ প্রকল্পের পর্যালোচনা করা হবে। প্রতি বছর অগ্নিবীরদের কাজের মূল্যায়ন করা হয়েছে। সেই পর্যালোচনার পরেই আরও দু’বছর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
উল্লেখ্য, ২০২২ সালে অগ্নিপথ প্রকল্প চালু করেছিল কেন্দ্র। এই প্রকল্পের আওতায় সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় চার বছরের জন্য অগ্নিবীর নিয়োগের ব্যবস্থা করা হয়। চার বছরের মেয়াদ শেষে সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাবাহিনীতে স্থায়ী ভাবে নিয়োগের সুযোগ দেওয়ার বিধান ছিল। বাকিদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা।
কেন্দ্রের নতুন সিদ্ধান্তে সেই নিয়োগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। বিশেষত যাঁদের চার বছরের মেয়াদ শেষ হওয়ার মুখে, তাঁদের কাছে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে পারফরম্যান্সের মূল্যায়নই যে প্রধান মাপকাঠি হবে, তা স্পষ্ট করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলে অগ্নিবীরদের চাকরির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার সঞ্চার হল।