বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই অ্যাকশন মোডে বিধান নগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক শারদ্বত মুখোপাধ্যায়। সোমবার সকালে তিনি বিধাননগরের মাতৃসদন হাসপাতালে পরিদর্শন করতে যান। সেখানে কী ধরনের ব্যবস্থা রয়েছে, কী সমস্যা রয়েছে এই বিষয় নিয়ে সেখানকার আধিকারিকদের সাথে কথা বলেন। পরিদর্শনের পরে তিনি জানান, পরিষেবার বেহাল দশা। চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা সময় মতো হাসপাতালে যান না। যন্ত্রপাতিও পড়ে রয়েছে অবহেলায়। বহির্বিভাগ চললেও জরুরি বা অন্তর্বিভাগের পরিষেবা নেই সেখানে।

এরপরেই তিনি চলে যান বিধাননগর মহকুমা হাসপাতালে সেখানকার চিকিৎসা সংক্রান্ত কী ব্যবস্থা বা অব্যবস্থা, রোগীদের অভাব অভিযোগ সমস্তটা নিয়ে কথা বলেন সুপারের সঙ্গে। এরপর তিনি চলে যান বিধাননগর কর্পোরেশনে। সেখানে আধিকারিকদের সাথে কথা বলে বিধাননগরের সমস্ত বিষয় নিয়ে কথা বলেন মেয়র সহ পুর প্রতিনিধিদের সঙ্গে। পুরসভায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। মেয়র কৃষ্ণা চক্রবর্তী-সহ পুর প্রতিনিধিদের সঙ্গেও পরিষেবা নিয়ে আলোচনা করেন বিধায়ক। সেখানেও পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন নব নির্বাচিত বিধাননগরের বিজেপি বিধায়ক।

একের পর এক ম্যারাথন বৈঠক শেষে তিনি জানান ইতিবাচক আলোচনা হয়েছে। পুর পরিষেবা নিয়ে কথা হয়েছে। কোনওভাবে যাতে পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।